ইমরান হাশমির ১০০ কোটি, স্ত্রীর আবেগঘন বার্তা

বলিউডের তারকা অভিনেতা ইমরান হাশমি। ক্যারিয়ারের দারুণ সময় পার করছেন তিনি। গল্পনির্ভর কাজ করে দর্শকদের একের পর এক উপহার দিচ্ছেন বক্স অফিস হিট সিনেমা। এই নায়কের নতুন সিনেমা ‘আওয়ারাপন ২’ এরই মধ্যে স্পর্শ করেছে ১০০ কোটির ক্লাব। মুক্তির প্রথম সপ্তাহেই এই মালফলক ছুঁয়ে ফেলেছে সিনেমাটি। খবর: বলিউড হাঙ্গামা

হাশমির দুর্দান্ত এই সাফল্যে তার স্ত্রী পারভীন হাশমি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন। সেখানে তিনি চলচ্চিত্র শিল্পে ইমরানের ২৩ বছরের পথচলা এবং ক্যারিয়ারের ভালো-খারাপ সময়ে তার একাগ্রতার কথা তুলে ধরেছেন।
ইনস্টাগ্রামে পারভীন এই অর্জনকে বছরের পর বছর ধরে চলা ধৈর্য, কঠোর পরিশ্রম এবং বিশ্বাসের ফল হিসেবে বর্ণনা করেছেন। এরপর ১০০ কোটির একটি ছবি শেয়ার করে তিনি , ‘আজ এই জায়গায় পৌঁছাতে এমির ২৩ বছর সময় লেগেছে... ২৩ বছরের ধৈর্য, উৎসর্গ, বিশ্বাস, আত্মসমর্পণ, অজস্র আশীর্বাদ আর প্রার্থনা!’ এরপর তিনি স্মরণ করেন কীভাবে ইমরান তার ক্যারিয়ারে সফল ও ব্যর্থ উভয় ধরনের দিন দেখেছেন, কিন্তু কোনো ব্যর্থতাই তাকে সামনে এগিয়ে যাওয়া থেকে থামাতে পারেনি।

পারভীন ইমরানের কাজের প্রতি প্রতিশ্রুতি এবং সাফল্য সত্ত্বেও বিনয়ী থাকার ক্ষমতার প্রশংসা করে আরও লিখেন, ‘আমি তাকে তার প্রতিটি প্রজেক্টে নিজের হৃদয় ঢেলে দিতে দেখেছি।’ এরপর হাশমিকে নিয়ে দ্য ব্যাডস অব বলিউডের জনপ্রিয় সংলাপ, ‘আখা বলিউড এক তরফ অউর ইমরান হাশমি এক তরফ।’ উল্লেখ করে তিনি লিখেন, ‘এই বাক্যটি ইমরানের অনুরাগী ও চলচ্চিত্র জগতের মানুষের অনুভূতির নিখুঁত প্রতিফলন।
বিশেষ ভাট প্রযোজিত এবং নিতিন কক্কর পরিচালিত ‘আওয়ারাপন ২’ সিনেমাটিতে ইমরান হাশমিকে আবারও ‘শিভম পন্ডিত’ চরিত্রে দেখতে পেয়েছেন দর্শকরা। এতে ইমরানের পাশাপাশি অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। এ ছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন পুরান গাব্বি, অনিরুদ্ধ রাওয়াল, সুরিন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি এবং অতুল কুমার।


