বিজয়ের প্রশংসায় যশ

নিজের নতুন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর প্রচারণায় গিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা বিজয়ের কাজের প্রতি নিষ্ঠা এবং জনগণের প্রতি দায়বদ্ধতার প্রশংসা করেছেন কন্নড় তারকা যশ।
সোমবার (২৪ আগস্ট) চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে ‘টক্সিক’-এর প্রি-রিলিজ অনুষ্ঠানে অংশ নেন যশসহ সিনেমাটির কয়েকজন অভিনয়শিল্পী ও নির্মাতা। সেখানে বিজয়ের রাজনৈতিক কর্মকাণ্ড ও জনসেবার প্রসঙ্গ টেনে নিজের মুগ্ধতার কথা জানান ‘কেজিএফ’ তারকা।
যশ বলেন, বিজয়ের কাছ থেকে তারা অনেক কিছু শিখেছেন। তার ভাষায়, বিজয়ের প্রতি মানুষের যে ভালোবাসা এবং আস্থা তৈরি হয়েছে, তা এখন স্পষ্ট। জনগণ তাকে যে দায়িত্ব ও অবস্থান দিয়েছেন, তিনি সেটিকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন। তার মধ্যে শৃঙ্খলা ও একাগ্রতাও রয়েছে।
বিজয়ের কাজের প্রসঙ্গে যশ আরও বলেন, ‘টক্সিক’ ও বিজয় অভিনীত ‘জন নায়কান’-এর প্রযোজক কে ভেঙ্কট নারায়ণ তাকে প্রায়ই বিজয়ের কাজের ব্যাপারে জানান। নারায়ণের কাছ থেকে তিনি শুনেছেন, তামিলনাড়ুর মানুষের জন্য বিজয় সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন।
যশের ভাষ্য, দর্শক ও ভক্তরা একজন শিল্পীকে যে ভালোবাসা এবং সম্মান দেন, তার প্রতিদান দেওয়াও শিল্পীর দায়িত্ব। তার মতে, বিজয় এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছেন, যখন তিনি তামিলনাড়ুর মানুষের কাছ থেকে পাওয়া সেই ভালোবাসা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
বিজয়ের রাজনৈতিক যাত্রার সাফল্য কামনা করে যশ বলেন, এটি একটি ইতিবাচক ও প্রগতিশীল পরিবর্তন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, দেশের অন্য অংশেও এমন রাজনৈতিক প্রবণতা দেখা যাবে। তামিলনাড়ুর মানুষ বিজয়ের ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তা পালনের সক্ষমতা তার রয়েছে বলেও মন্তব্য করেন যশ।
এদিকে যশের ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ মুক্তি পাচ্ছে আগামী ২৬ আগস্ট। গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন যশ। সিনেমাটিতে আরও রয়েছেন নয়নতারা, কিয়ারা আদভানি, রুক্মিণী বসন্ত, তারা সুতারিয়া ও হুমা কুরেশি। সিনেমাটি কন্নড় ও ইংরেজিতে নির্মিত এবং হিন্দি, তামিল, তেলুগু ও মালয়ালম ভাষায়ও মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া


