logo

‘ধুরন্ধর ২’-এর প্রিভিউ শোতে চরম অব্যবস্থাপনা

‘ধুরন্ধর ২’-এর প্রিভিউ শোতে চরম অব্যবস্থাপনা

বহুল আকাঙ্ক্ষিত ‘ধুরন্ধর ২’ আজ বৃহস্পতিবার মুক্তি পেয়েছে সর্বত্র। সিনেমাটি নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল উন্মাদনা। প্রি-বুকিং রেকর্ড, দর্শকচাহিদা, রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কমতি ছিল না আলোচনার। তবে মুক্তি  আগেই বেশ কয়েক জায়গায় দেখা গেছে চরম অব্যবস্থাপনা। যে কারণে প্রিভিউ শো নিয়ে দর্শকদের মধ্যে দেখা দিয়েছে চূড়ান্ত বিশৃঙ্খলা।

আগেই ঘোষণা করা হয়েছিল যে, ১৮ মার্চ থেকে দেশের অধিকাংশ শহরের সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সে ‘স্পেশ্যাল প্রিভিউ’ হিসেবে দেখা যাবে সিনেমাটি। এ জন্য অনেক দর্শক বুধবারের সন্ধ্যা আর রাতের শোর টিকিট কেটে রেখেছিলেন ৷ তবে প্রযুক্তিগত সমস্যায় সৃষ্টি হয় জটিলতা। এত টাকা দিয়ে সিনেমা দেখতে এসে স্বভাবতই ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা ৷

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, কলকাতা, চেন্নাই, গোয়ালিয়রসহ বেশ কয়েক জায়গায় যান্ত্রিক ত্রুটির কারণে এবং অতিরিক্ত টিকিট বুকিংয়ের ফলে সার্ভারে সমস্যা দেখা দেয়। এর ফলে প্রথম কয়েকটি শো চালু করা যায়নি। এ নিয়ে দেখা দেয় চূড়ান্ত বিশৃঙ্খলা। শেষ পর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। হল কর্তৃপক্ষ জানিয়েছে, যারা শো দেখতে পাননি তাদের টাকা ফেরত দেওয়া হবে অনলাইনে।

এ প্রসঙ্গে পরিচালক আদিত্য ধর তাৎক্ষণিক ক্ষমা চেয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘এই সমস্যার জন্য আমরা সত্যিই ক্ষমাপ্রার্থী।’ পাশাপাশি বৃহস্পতিবার থেকে পুরোদমে সমস্ত সিনেমা হলে ‘ধুরন্ধর ২’ দেখা যাবে ৷ এমনটাই আশ্বাস দিয়েছেন নির্মাতারা।

এ ঘটনায় স্বভাবতই অসন্তোষ প্রকাশ করেছেন দর্শকরা। দীর্ঘদিন ধরে অপেক্ষার পর শেষ মুহূর্তে বাড়তি টাকা প্রিভিউ দিয়ে শো দেখতে এসে যথেষ্ট হতাশ হতে হয়েছে তাদের। তাই মুক্তির আগেই ছবি নিয়ে রীতিমতো ক্ষোভ দেখা দিয়েছে অনেকের মনে।