logo

নেকড়ের অভিশাপ নিয়ে রবার্ট এগার্সের ‘ওয়্যারউলফ’

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
নেকড়ের অভিশাপ নিয়ে রবার্ট এগার্সের ‘ওয়্যারউলফ’
‘ওয়্যারউলফ’ সিনেমার দৃশ্য

ফোক হরর ঘরানায় নিজস্ব নির্মাণশৈলীর জন্য আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত পরিচালক রবার্ট এগার্স। ইতিহাসের বিভিন্ন সময় ও লোককথাকে পর্দায় তুলে এনে তাতে ভৌতিক আবহ যোগ করাই তার নির্মাণের অন্যতম বৈশিষ্ট্য। ‘দ্য উইচ’, ‘দ্য লাইটহাউস’ ও ‘নসফেরাতু’র পর এবার নতুন ভয়ের গল্প নিয়ে হাজির হচ্ছেন তিনি।

এগার্সের নতুন সিনেমার নাম ‘ওয়্যারউলফ’। ১৩ শতকের ইংল্যান্ডকে পটভূমি করে নির্মিত হয়েছে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবিটির ট্রেলার। আর ট্রেলার প্রকাশের পরই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

ট্রেলারে অ্যারন টেলর-জনসনকে দেখা গেছে এক রহস্যময় অভিশাপের শিকার এক ব্যক্তির চরিত্রে। ধীরে ধীরে রক্তপিপাসু নেকড়ের মতো প্রাণীতে রূপান্তরিত হতে থাকে তার চরিত্র। তার স্ত্রী হিসেবে অভিনয় করেছেন লিলি-রোজ ডেপ। স্বামীকে এই অভিশাপ থেকে রক্ষা করতে মরিয়া হয়ে উঠতে দেখা যায় তাকে।

সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন উইলেম ড্যাফোও। লোকালয়ে আতঙ্ক ছড়ানো নেকড়েদের হাত থেকে মানুষকে রক্ষা করতে এক যোদ্ধার ভূমিকায় দেখা যাবে তাকে। ট্রেলারে তার কণ্ঠে শোনা যায়, ‘প্রতিটি নেকড়েই মরবে!’

ট্রেলারের শেষদিকে অ্যারন টেলর-জনসনের চরিত্রটির ভয়ংকর রূপান্তরের ইঙ্গিত মিলেছে। আকাশের দিকে তাকিয়ে থাকা তার কাঁপতে থাকা শরীর এবং অস্বাভাবিক পশুর রূপ নেওয়ার দৃশ্য সিনেমাটির ভৌতিক আবহকে আরও স্পষ্ট করেছে।

এ সিনেমায় আবারও একসঙ্গে দেখা যাবে অ্যারন টেলর-জনসন, লিলি-রোজ ডেপ ও উইলেম ড্যাফোকে। এর আগে রবার্ট এগার্সের ‘নসফেরাতু’তেও একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। ২০২৪ সালের ক্রিসমাসে মুক্তি পাওয়া ভ্যাম্পায়ার ঘরানার সিনেমাটি বিশ্বজুড়ে প্রায় ১৮ কোটি ডলার আয় করে। পাশাপাশি সিনেমাটি চারটি কারিগরি বিভাগে অস্কার মনোনয়নও পেয়েছিল।

‘নসফেরাতু’র সাফল্যের পর একই তিন অভিনেতাকে নিয়ে আবারও ভিন্ন এক ভৌতিক গল্প বলছেন এগার্স। ফলে ‘ওয়্যারউলফ’ ঘিরে আন্তর্জাতিক চলচ্চিত্রাঙ্গনে ইতোমধ্যেই তৈরি হয়েছে কৌতূহল।

আগামী ২৫ ডিসেম্বর, বড়দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ওয়্যারউলফ’ সিনেমাটির।