logo
Advertisement

কাটছাঁট ছাড়াই সার্টিফিকেট পেল যশের ‘টক্সিক’

এশিয়া পোস্ট বিনোদন
কাটছাঁট ছাড়াই সার্টিফিকেট পেল যশের ‘টক্সিক’

কন্নড় সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ মুক্তির আগে সেন্সর ছাড়পত্র পেয়েছে। সহিংসতা ও পরিণত বিষয়বস্তুর কারণে সিনেমাটিকে প্রাপ্তবয়স্কদের জন্য ‘এ’ (এডাল্টস অনলি) সার্টিফিকেট দিয়েছে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)। তবে কোনো মূল দৃশ্য কর্তন করা হয়নি।

Advertisement

সিবিএফসির সরকারি তথ্য অনুযায়ী, সিনেমাটির কন্নড় সংস্করণের সার্টিফায়েড রানটাইম ১৯৪ মিনিট ১২ সেকেন্ড- অর্থাৎ ৩ ঘণ্টা ১৪ মিনিট ১২ সেকেন্ড। বেঙ্গালুরু আঞ্চলিক কার্যালয় থেকে ১৩ আগস্ট সিনেমাটিকে ‘এ’ সার্টিফিকেট দেওয়া হয়।

তবে ছাড়পত্র দিতে গিয়ে কিছু ছোটখাটো পরিবর্তনের নির্দেশ দিয়েছে বোর্ড। কন্নড় সংস্করণে ব্যবহৃত দুটি শব্দ মিউট বা পরিবর্তন করতে বলা হয়েছে। একই সঙ্গে ওই শব্দগুলোর ইংরেজি সাবটাইটেলেও সংশোধন আনার নির্দেশ দেওয়া হয়েছে। সিনেমায় ধূমপান ও মাদক সেবনসংক্রান্ত স্বাস্থ্য সতর্কবার্তা যুক্ত করার কথাও বলা হয়েছে।

‘টক্সিক’কে ঘিরে মুক্তির আগেই বিতর্ক তৈরি হয়েছে। সিনেমার প্রচারণায় সহিংসতা, ঘনিষ্ঠ দৃশ্য ও পরিণত বিষয়বস্তুর ইঙ্গিত সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। এর আগে সিনেমার টিজার নিয়েও আপত্তি ও অভিযোগ উঠেছিল।

সিনেমাটি যে শিশুদের জন্য নয়, তা আগেই স্পষ্ট করেছিলেন যশ। ‘আপ কি আদালত’-এ হাজির হয়ে অভিনেতা সিনেমার ট্যাগলাইন ‘এ ফেইরি টেল ফর গ্রোন আপস’-এর প্রসঙ্গ টেনে বলেন, এটি শিশুদের জন্য তৈরি হয়নি এবং শিশুদের সিনেমাটি দেখতে হলে যাওয়ার প্রয়োজন নেই।

এদিকে যুক্তরাজ্যেও সিনেমাটি প্রাপ্তবয়স্কদের জন্য শ্রেণিবিন্যাস পেয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। সেখানে সিনেমাটির সহিংসতা, রক্তাক্ত দৃশ্য, যৌনতা ও আঘাতের মাত্রা নিয়ে সতর্কতা উল্লেখ করা হয়েছে।

গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ একটি গ্যাংস্টার অ্যাকশন ড্রামা। সিবিএফসির প্রকাশিত প্লট অনুযায়ী, স্বাধীনতার পরের গোয়াকে ঘিরে গল্পে আনুগত্য, নৈতিকতা, সহিংসতা ও ব্যক্তিগত মুক্তির আকাঙ্ক্ষার মতো বিষয় উঠে এসেছে।

সিনেমাটিতে যশের সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, তারা সুতারিয়া, হুমা কুরেশি ও রুক্মিণী বসন্ত। সব বিতর্ক, কৌতূহল ও দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৬ আগস্ট বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘টক্সিক’-এর।

সূত্র: ইন্ডিয়া টুডে, বলিউড হাঙ্গামা, দ্যা টাইমস অব ইন্ডিয়া

কাটছাঁট ছাড়াই সার্টিফিকেট পেল যশের ‘টক্সিক’