অ্যাভেঞ্জার্স সিরিজের সেরা হতে যাচ্ছে ‘ডুমসডে’

সুপারহিরো নিয়ে দর্শকের আগ্রহ বরাবরই অত্যন্ত প্রবল। আর অনেক সুপারহিরো যদি একসঙ্গে পর্দা ভাগ করে, তবে তা তো উন্মাদনা জাগাবেই। তেমনই একটি অতিমানবীয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি অ্যাভেঞ্জার্স সিরিজ। মার্ভেল স্টুডিওর অ্যাভেঞ্জার্সের প্রতিটি পর্বই উপভোগ করেছেন সিনেমা ভক্তরা। এবার পর্দায় আসতে চলেছে অ্যাভেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। আর এটি হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজির সেরা মুভি।
অ্যাভেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা আসে ২০১২ সালে। সিনেমাটি দেখে পুরো বিশ্বের সিনেভক্তরা কেঁপে ওঠেন। একে একে চারটি পর্ব বক্স অফিস তো বটেই, বিশ্বব্যাপী শোরগোল ফেলে দেয়। এর মধ্যে ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ তো রীতিমতো সব ধরনের রেকর্ড গড়ে।
সম্প্রতি রুশো ব্রাদার্স পরিচালিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র টেস্ট স্ক্রিনিং হয়েছে। এর পর বহুল প্রতীক্ষিত সুপারহিরো সিনেমাটি নিয়ে আলোচনা আরও বেড়েছে। স্টুডিও প্রধান কেভিন ফাইগি ও নির্বাচিত দর্শকের জন্য সিনেমাটি প্রথমবারের মতো প্রদর্শিত হয়েছে। আর তা দেখে উদ্বেলিত অনেকের মত, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ এখন পর্যন্ত সেরা মার্ভেল চলচ্চিত্র।
মার্ভেল কমিক্সের সুপারহিরো দল অ্যাভেঞ্জার্সের এই ধুমধাড়াক্কা যুদ্ধ দেখা যাবে বছরের শেষ ভাগে। ১৮ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। আমেরিকান সুপারহিরো ‘ডক্টর ডুম’ হিসেবে রবার্ট ডাউনি জুনিয়রের প্রত্যাবর্তন এবং রুশো ব্রাদার্সের পরিচালনা—সব মিলিয়ে বছরের শেষ দিকে এটি বক্স অফিস রেকর্ড ওলটপালট করতে আসছে।
বহুল আকাঙ্ক্ষিত এই সুপারহিরো সিরিজে অ্যাভেঞ্জার্স, ওয়াকান্ডানস, ফ্যান্টাসটিক ফোর, নিউ অ্যাভেঞ্জার্স ও এক্সম্যান অস্তিত্বের লড়াইয়ে মুখোমুখি হবে ডুমের। সিনেমাটির সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হলো, ২০২২ সালের পর আবারও ফিরে আসছেন বিখ্যাত সুপারহিরো থর। ‘লাভ অ্যান্ড থান্ডারের’ পর প্রথমবারের মতো ক্রিস হেমসওয়ার্থের সঙ্গে থরের দেখা হবে বছরের শেষে।