চেহারা দেখে ভোট দেবেন না: মিশা সওদাগর

এশিয়া পোস্ট বিনোদন
চেহারা দেখে ভোট দেবেন না: মিশা সওদাগর
অভিনেতা মিশা সওদাগর।

তিনবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা মিশা সওদাগর। শিল্পীদের উন্নায়নে কাজ করছেন সাধ্য অনুযায়ী। এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে তিনি কোনো প্যানেল করেননি। তবে শুভকামনা জানিয়েছেন এবারের নির্বাচনে অংশ নেওয়া সকল শিল্পীকে।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বিএফডিসিতে শিবা সানু এবং জয় চৌধুরীর প্যানেল থেকে ডাকা অনুষ্ঠানে উপস্থিত হন জনপ্রিয় এই অভিনেতা। সবাইকে নিজের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে তিনি বলেন, ‘শিল্পীদের কোনো দল হয় না। তাদের একটাই পরিচয় সে একজন শিল্পী। আমি এবারের নির্বাচনে সবাইকেই শুভকামনা জানাচ্ছি। কারণ, তিন জুলাই পর আমরা সবাই আবার এক। তবে ভোটারদের উদ্দেশে একটাই পরামর্শ থাকবে, যে চেহারা দেখে কাউকে ভোট দেবেন না। যে আপনাদের হয়ে কাজ করবে তাকেই বেছে নেবেন। সবার জন্য ভালোবাসা রইল।

শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী। সহসভাপতি পদে রয়েছেন রোজিনা ও ডিএ তায়েব।

অন্যদিকে দ্বিতীয় প্যানেলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি। এই প্যানেলে সহসভাপতি পদে রয়েছেন নূতন ও ইলিয়াস কোবরা।