logo

কুনজর থেকে বাঁচতে বিজয়-রাশমিকার গালে ছিল কালো তিল

কুনজর থেকে বাঁচতে বিজয়-রাশমিকার গালে ছিল কালো তিল

দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই ভক্তদের কৌতূহল তুঙ্গে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হলো তাদের শুভ পরিণয়। বিয়ের আসরে এক বিশেষ বিষয় সবার নজর কাড়ে—দুজনের গালেই ছিল ছোট্ট কালো তিল, যা নাকি ‘বদনজর’ এড়াতেই দেওয়া হয়েছিল। ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিতে এমনটাই দেখা যায়। 

জানা গেছে, বিয়ের অনুষ্ঠানটি ছিল একেবারেই ব্যক্তিগত ও ঘরোয়া। দক্ষিণী ঐতিহ্য মেনে সাজানো হয়েছিল মণ্ডপ। সোনালি ও সাদা ফুলের সাজে সেজেছিল পুরো প্রাঙ্গণ। ছবিতে দেখা যায় বিজয় দেবরাকোন্ডা পরেছেন সাদা ধুতি ও লাল রঙের জমকালো উত্তরীয়, সঙ্গে ছিল সোনার গয়না। অন্যদিকে রাশমিকা বেছে নিয়েছেন লাল টুকটুকে রঙের কারুকার্যখচিত শাড়ি ও কপালে নজরকাড়া সোনার টায়রা।

ভারতীয় সংস্কৃতিতে বিয়ের মতো শুভ অনুষ্ঠানে ‘নজর লাগা’ এড়াতে কনে-বরের শরীরে ছোট্ট কালো তিল বা কাজল দেওয়া নতুন কিছু নয়। বিজয়-রাশমিকার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। পরিবারের বয়োজ্যেষ্ঠদের পরামর্শেই নাকি এই প্রথা মানা হয়েছে।

একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের বন্ধুত্ব, সেখান থেকেই প্রেম। যদিও সম্পর্ক নিয়ে কখনও প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি কেউই, তবু বিভিন্ন অনুষ্ঠান ও ভ্রমণে একসঙ্গে দেখা যাওয়ায় জল্পনা ছিলই। অবশেষে সেই সম্পর্কই পেল সামাজিক স্বীকৃতি। সামাজিক মাধ্যমে বিয়ের কিছু ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার ঢল নামে।

নতুন জীবনের শুরুতে বিজয় ও রাশমিকাকে শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী থেকে শুরু করে চলচ্চিত্র জগতের একাধিক তারকা। এখন দেখার, বিয়ের পর বড় পর্দায় কবে আবার একসঙ্গে দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে।