logo

বিমানবন্দরে হেনস্তার শিকার নাসিরুদ্দিন

বিমানবন্দরে হেনস্তার শিকার নাসিরুদ্দিন

সাম্প্রতিক সময়ে কিছু বক্তব্য ঘিরে বিতর্কের মুখে ছিলেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ভারতীয় অভিনেতা নাসিরুদ্দিন শাহ। এবার মুম্বাই বিমানবন্দরে হেনস্তার শিকার হলেন তিনি। ক্লান্ত শরীরে বিমান থেকে নামার পর এক সাংবাদিকের ক্রমাগত ‘জেরার’ মুখে মেজাজ হারান বর্ষীয়ান অভিনেতা।

সম্প্রতি মুম্বাই বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে শেষ মুহূর্তে প্রখ্যাত অভিনেতার আমন্ত্রণ বাতিল করা হয়। এ নিয়ে তিনি সরাসরি অসন্তোষ প্রকাশ করেন। তিনবারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা জানান,  অনুষ্ঠানের আগের রাতে তাকে জানানো হয় যে, তার উপস্থিতির প্রয়োজন নেই। এ বিষয়ে কোনো ব্যাখ্যাও দেয়নি কর্তৃপক্ষ। অথচ তিনি ওই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময়ের জন্য অধীর ছিলেন।

মুম্বাই বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ বাতিল প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে বিমানবন্দরের টার্মিনালে এক সাংবাদিক তাকে ঘিরে ধরেন। এ সময় নাসিরুদ্দিন বিনয়ের সঙ্গে এড়িয়ে যেতে চাচ্ছিলেন। কথা বলতে না চাইলেও প্রশ্নকর্তা নাছোড়বান্দা। এক পর্যায়ে মুখের সামনে মাইক বাড়িয়ে ধরলে আর ধৈর্য রাখতে পারেননি অভিনেতা। হেনস্তার ভিডিওটি ভাইরাল হতেই ‘মিস্টার শাহ’র পাশে দাঁড়িয়েছে নেটপাড়া।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস সূত্রে জানা যায়, নাসিরুদ্দিনের এই হেনন্তা নিয়ে সরব হয়েছেন অনেক তারকা। অভিনেতা প্রকাশ রাজ তো সরাসরি বলে দিলেন, এভাবে মাঝ রাস্তায় ছেঁকে ধরাটা চূড়ান্ত অপেশাদারিত্ব। নাসিরুদ্দিন শাহর মতো গুণী ব্যক্তি কিছু বলতে না চাইলে জোর করে বলানো উচিত নয়। বলতে চাইলে সরাসরি সংবাদমাধ্যমে বলবেন।

তিনবারের ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও তিনবার ফিল্মফেয়ার পুরস্কার জেতেন নাসিরুদ্দিন শাহ। চলচ্চিত্রে অবদানের জন্য ভারত সরকার তাকে ১৯৮৭ সালে পদ্মশ্রী ও ২০০৩ সালে পদ্মভূষণ পদকে ভূষিত করে।

এই সম্মানীয় অভিনেতার আমন্ত্রণপত্র বাতিলের কারণ জানিয়ে কোনো ব্যাখ্যা এখনো দেয়নি মুম্বাই বিশ্ববিদ্যালয়। আর সে ক্ষোভই যেন বিমানবন্দরের এই ঘটনায় আরও ঘি ঢেলে দিল।