logo

হৃদয় নিংড়ানো বলিউডের সেই জুটিগুলো

হৃদয় নিংড়ানো বলিউডের সেই জুটিগুলো

গ্ল্যামার, রোমান্টিক গল্প, আবেগময় সংগীত এবং বড় বাজেটের নির্মাণশৈলীর কারণে বিশ্বব্যাপী দর্শককে মন্ত্রমুগ্ধ করে রাখে বলিউড সিনেমা। বলিউড ইন্ডাস্ট্রি যুগে যুগে পর্দায় অনেক রোমান্টিক জুটি তৈরি হয়েছে। সেসব জুটিতে আন্দোলিত হয়ে ওঠে দর্শকহৃদয়। এসব জুটির কথা মনে পড়লেই অবচেতনে ভেসে ওঠে অনস্ক্রিন প্রেমের কথা। যুগের পর যুগ ধরে বলিউডের সিনে পর্দায় রোমান্সের জুটি বেঁধেছেন অনেক তারকা। তাদের মধ্যে হাতেগোনা জুটি পেয়েছে আলাদা গ্রহণযোগ্যতা। সম্প্রতি আইএমডিবির এক জরিপে বলিউডের জনপ্রিয় জুটিদের নিয়ে একটি ভোটের আয়োজন করা হয়। এ আয়োজনে ভিন্ন ভিন্ন দশকে জনপ্রিয়তার শীর্ষে থাকা জুটিগুলো স্থান পায়। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ধর্মেন্দ্র-হেমা মালিনী, রাজ কাপুর-নার্গিস, অমিতাভ বচ্চন-রেখা, শাহরুখ-কাজলসহ বেশ কিছু জুটি। এ ছাড়াও অনস্ক্রিন রসায়নে তালিকায় স্থান করে নেয় আরও কয়েকটি জুটি। এসব জুটির আদ্যোপান্ত নিয়ে এশিয়া পোস্টের এবারের আয়োজন।

শাহরুখ-কাজল
সেই ‘বাজিগর’ দিয়ে শুরু। এরপর একে একে বেশ কিছু সিনেমায় রোমান্স জাগান বলিউড বাদশা শাহরুখ খান ও বিউটি কুইন কাজল। বলিউডের ইতিহাসের অন্যতম রোমান্টিক জুটি হিসেবে স্বীকৃত এবং তাদের প্রতিটি চলচ্চিত্রই ব্লকবাস্টার হয়। শাহরুখের সঙ্গে কাজলের পর্দার এই রসায়ন বলিউডের সেরা জুটি হিসেবে স্থান করে নিয়েছে।  রুপালি পর্দায় প্রেমের ক্ষেত্রে শাহরুখ-কাজলের নাম থাকবে না, সেটা হতেই পারে না। অভিনয়ে প্রেমিক-প্রেমিকা বলুন আর স্বামী-স্ত্রী বলুন প্রতিটি ক্ষেত্রেই এই জুটি দর্শকদের হৃদয় কেড়ে নিয়েছে। সফল এই জুটির সেরা ছবিগুলোর মধ্যে অন্যতম, ‘বাজিগর’, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘করন অর্জুন’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’। ১৯৯৫ সালে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমায় রাজ-সিমরান চরিত্রে শাহরুখ খান ও কাজলের পাঞ্জাবের সরষে ক্ষেতের দৃশ্যগুলো আজও দর্শকদের বিমোহিত করে। তবে অন্যদের মতো তাদের জুটি শুধু রুপালি পর্দাতেই সীমাবদ্ধ। বাস্তব জীবনে তারা খুবই ভালো বন্ধু।

bigStoryContent

অমিতাভ-রেখা
সত্তরের দশক বুঁদ হয়ে ছিল অমিতাভ-রেখার অনস্ক্রিন ও অফস্ক্রিন রসায়নে। বলিউডি প্রেমকাহিনির সেরা জুটি অমিতাভ-রেখা। আজও তাদের প্রেমের ফুলঝুরির চর্চা হয় বলিউডের অন্দরে। এমনও শোনা যায়, রেখা নাকি আজও অমিতাভ বচ্চনের নামে সিঁদুর পরেন। কেউই কখনো তাদের প্রেমের কথা স্বীকার না করলেও এক অমোঘ সুতোয় বাঁধা ছিলেন তারা। গুজব আছে, ‘দো আনজানে’র সেট অফস্ক্রিন থেকে প্রেম শুরু হয়েছিল এই জুটির।  আজও বলিউডের অন্যতম চর্চিত জুটি রেখা-অমিতাভের। অমিতাভ-রেখার জনপ্রিয় ছবিগুলোর মধ্যে অন্যতম ‘দো আনজানে’, ‘আলাপ’, ‘খুন পাসিনা’, ‘মুকাদ্দার কা সিকান্দার’, ‘সুহাগ’, ‘সিলসিলা’। পর্দার বাইরে যে সম্পর্কই থাকুক না কেন, অনস্ক্রিনে তাদের জুটি সেরাদের কাতারেই আছে এবং থাকবে। 

bigStoryContent

রাজ কাপুর-নার্গিস
বলিউড ইতিহাসের সবচেয়ে আইকনিক জুটি ধরা হয় রাজ কাপুর ও নার্গিস জুটিকে। আসলে এই জুটির কথা না বললে বলিউডের প্রেমকাহিনি শুরুই করা যায় না। সাদা-কালো ফ্রেমে বন্দি এই জুটির রোমান্স দর্শকদের শিখিয়েছিল ভালোবাসার ভাষা। এই জুটি ১৯৪০-৫০-এর দশকে ১৬টির বেশি চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছে। ‘আগ’, ‘আন্দাজ’, ‘আওয়ারা’, ‘শ্রী ৪২০’-এর মতো জনপ্রিয় ছবিগুলো দর্শকরা উপভোগ করতে পারে এই জুটির কল্যাণেই। রাজ কাপুর-নার্গিসের পর্দার রসায়ন বাস্তব জীবনেও গভীর প্রেমের জন্ম দেয়। শোনা যায়, অনস্ক্রিন প্রেম করতে করতে একসময় নাকি অফস্ক্রিনেও রাজ কাপুরকে ভালোবেসে ফেলেন নার্গিস। কিন্তু সেই ভালোবাসা সাত বছরের বেশি পরিণতি পায়নি। পরবর্তী সময়ে সুনীল দত্তকে বিয়ে করেছিলেন নার্গিস।

bigStoryContent
 

দিলীপ-বৈজন্তীমালা
সিনেপ্রেমীদের কাছে দিলীপ কুমার আর সুচিত্রা সেন আকর্ষণীয় জুটি হিসেবে বিবেচিত। তবে এর মাঝে দিলীপ কুমারের সঙ্গে আরেকটি নাম জড়িয়ে আছে। তিনি বৈজন্তীমালা। । দেবদাসের চন্দ্রমুখী। রেটিংয়ে দিলীপ কুমার-বৈজন্তীমালাই অগ্রাধিকার পেয়েছে। ১৯৫৫ সালে বিমল রায়ের ‘দেবদাস’-এ পাবর্তীর চরিত্রে সুচিত্রা সেন আর চন্দ্রমুখীতে অভিনয় করেন বৈজন্তীমালা। সেই থেকে সময় যতই এগিয়েছে বলিউডের এই জুটির আবেদন ততই গাঢ় হয়েছে। দিলীপ কুমার ও বৈজন্তীমালা জুটির অন্যতম জনপ্রিয় ছবিগুলো হলো ‘দেবদাস’, ‘নয়া দৌড়’, ‘মধুমতী’, ‘গঙ্গা যমুনা’। বলিউডের এই জুটির প্রেম বারবার যেন স্ক্রিপ্টের বাইরে বেরিয়ে অভিনয়ের নতুন মাত্রা তৈরি করেছে। আর তাতেই মুগ্ধতা ছড়িয়েছে দর্শকের মাঝে। 

bigStoryContent

ফারুক শেখ-দীপ্তি নাভাল
নামগুলো এই সময়ের সিনেপ্রেমীদের মাঝে খুব বেশি একটা পরিচিত নয়। তবে ফারুক-দীপ্তি জুটি বলিউডের জনপ্রিয় রোমান্টিক জুটিগুলোর অন্যতম। সিনেপর্দায় ফারুক শেখ ও দীপ্তি নাভাল এমনভাবে নিজেদের উপস্থাপন করতেন, দর্শকরা কখনোই বুঝতে পারতেন না যে, তারা অভিনয় করছেন। বলিউড সিনেমায় প্রেমের নতুন মাত্রা যোগ করেছিলেন ফারুক-দীপ্তি। তাদের জনপ্রিয় ছবিগুলোর মধ্যে অন্যতম ‘সাথ সাথ’, ‘কিসি সে না ক্যাহনা’, ‘টেল মি’ ও ‘খুদা’। পর্দার বাইরে ভীষণ ভালো বন্ধু ছিল দুজন। আশির দশকে জল্পনা উঠেছিল তারা এক অন্যের প্রেমে মজেছেন। তবে সবই জল্পনাই থেকে যায়। চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশনে সমান জনপ্রিয় ফারুক শেখ ২০১৩ সালে হুদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

bigStoryContent

সালমান-ঐশ্বরিয়া
‘আজব হায় ইসকে ইয়ারা...পল দো পল কি খুশিয়ান। গাম কে খাজানে মিলতে হ্যায় ফির মিলতি হ্যায় তনহাইয়া’—পর্দার বাইরেও বাস্তব জীবনের সেই সুর এখনো বেজে ওঠে বলিউড ভাইজান সালমান খানের হৃদয়ে। মাত্র তিনটি সিনেমায় জুটি হলেও ‘হাম দিল দে চুকে সানাম’-এর সেই সামির-নন্দিনি জুটি দর্শকের হৃদয়ে চিরস্থায়ী আসন করে নেয়।  কিংবদন্তি গায়ক কুমার সানুর মতো কোটি ভক্তের চোখে বলিউডে সর্বকালের সুন্দর জুটি সালমান-ঐশ্বরিয়া। সিনেমার পর্দায় তাদের চমকপ্রদ অনস্ক্রিন কেমিস্ট্রি থেকে শুরু করে সেই যুগের আবহ, সবকিছুই আজও বলিউড ইতিহাসে অমর হয়ে আছে। তাদের রোমান্স কেবল চলচ্চিত্র নয়, পুরো এক সময়কে সংজ্ঞায়িত করেছিল, যেখানে ভালোবাসা, সৌন্দর্য ও নায়ক-নায়িকার অনবদ্য উপস্থিতি একসঙ্গে মিলিত হতো।

bigStoryContent

ঋষি কাপুর-নীতু সিং
পর্দা আর বাস্তব—উভয় জীবনেই সফল ঋষি কাপুর ও নীতু সিং জুটি। ‘কাভি কাভি’, ‘অমর আকবর অ্যান্থনি’, ‘আনজানে মে’র মতো সুপার হিট সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকহৃদয়ে স্থান করে নেন এই জুটি। সিনেপর্দায় নিজেদের সাবলীলভাবে উপস্থাপন করেছেন তারা। যেন বাস্তব জীবনের এক প্রতিচ্ছবি। বলিউডের বাইরেও সফল প্রেমকাহিনি রয়েছে এই জুটির। দীর্ঘদিন প্রেম করার পর ঘর বাঁধেন তারা। একটা সময় বলিউডের ‘লাভার বয়’ বলে পরিচিত ঋষি কাপুরের সঙ্গে দুষ্টু মিষ্টি নীতু সিংয়ের অভিনয় দেখার জন্য মুখিয়ে থাকতেন দর্শকরা। রিল লাইফে দুরন্ত প্রেমের পর আজও রিয়েল লাইফেও সফল এই জুটি।

bigStoryContent

শাহিদ কাপুর-কারিনা কাপুর
শেষবার দুজনকে একসঙ্গে পর্দায় দেখা গেছে ‘জাব উই মিট’ সিনেমায়। এক হতাশাগ্রস্ত তরুণ আদিত্য কাশ্যপের জীবনের মোড় ঘোরাতে হাজির হয় ঘর পালানো প্রাণবন্ত ও বাচাল তরুণী গীত। ট্রেনে হঠাৎ পরিচয়, তারপর প্রেম, বিচ্ছেদ—শাহিদ কাপুর ও কারিনা কাপুর। বলিউডের পর্দায় খুব বেশি দেখা না গেলেও একটি সিনেমা দিয়েই রোমান্টিক জুটি হিসেবে শাহিদ-কারিনা বলিউডে চিরস্থায়ী জায়গা করে নেয়। এরপর তাদের চুম্বনের দৃশ্যে শোরগোল পড়ে সিনে অঙ্গনে। তাদের অনস্ক্রিন রসায়ন গড়ায় বাস্তব জীবনেও। তবে বলিউডের পর্দার সেই চাঞ্চল্যকর জুটি পর্দা আর পর্দার বাইরেও ভেঙে যায়। আর কারিনা কাপুর এখন পতৌদি পরিবারের দশম নবাব সিনেতারকা সাইফ আলি খানের জীবনসঙ্গী।