logo

শাহরুখের মানবিকতায় মুগ্ধ নেটপাড়া

শাহরুখের মানবিকতায় মুগ্ধ নেটপাড়া

বলিউড বাদশা শাহরুখ খানের মানবিক কর্মকাণ্ড প্রায়ই চোখে পড়ে। তিনি যে শুধু পর্দার তারকাই নন, বাস্তবেও সুপারস্টার। তার মহানুভবতার গল্প বলিউডের সর্বত্র আলোচিত। ব্যক্তিগত জীবনেও বারবার মানবিকতার নজির গড়েই তিনি এখন বলিউডের সবার চোখেন মণি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ২০১৭ সালের শাহরুখের একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, মান্নাতের সামনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা গৃহহীন এক ভক্ত প্রিয় নায়ককে দেখেই বলে ওঠেন, ‘আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি। একটু খাবার দিন আমাকে।’

শাহরুখ খান তখন অনুরাগীর সামনে এসে মাথায় হাত বুলিয়ে দেন। শুধু তাই নয়, ওই ব্যক্তির জন্য খাবারের ব্যবস্থার নির্দেশ দেন দেহরক্ষীকে। সামাজিকমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন কিং খান। এক ভক্ত ক্যাপশনে লেখেন, ‘রাত করে রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় একজন গরিব মানুষের জন্য খাবারের ব্যবস্থা করতে বলছেন শাহরুখ। অনেকেই এড়িয়ে গেলেও শাহরুখের মতো তারকার আশীর্বাদ পেলেন।’ সত্যিই ওই ভক্তের জন্য ভগবান হয়ে আসেন শাহরুখ খান।

আরেক অনুরাগী শাহরুখের ব্যবহারে প্রসন্ন হয়ে লিখেছেন, ‘আমি তো ভাবতেই পারছি না, খোদ শাহরুখ এসে ওই ব্যক্তির জন্য খাবারের ব্যবস্থা করেছেন!’ বাদশায় মুগ্ধ এক ব্যক্তির সংযোজন, ‘শাহরুখ খান সত্যিই অনন্য’।

দুই দশকেরও বেশি সময় বলিউডে ‘শাহরুখ-রাজ’ অব্যাহত রয়েছে। আগামী ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে তার বহুল কাঙ্ক্ষিত সিনেমা ‘কিং’। এতে প্রথমবারের মতো তার সঙ্গে অভিনয় করবেন মেয়ে সুহানা খান।