Advertisement

মানসিক সমস্যা নিরসনে মাহিরার খোলামেলা কথা

এশিয়া পোস্ট বিনোদন
মানসিক সমস্যা নিরসনে মাহিরার খোলামেলা কথা
পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ছবি: সংগৃহীত

জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান নিজের অভিনয় দক্ষতা দিয়ে যিনি শক্ত অবস্থান গড়ে তুলেছেন। বলিউডেও পা রেখেছিলেন শাহরুখ খানের রোম্যান্সিং নায়িকা হিসেবে। সাবেক ভিজে মাহিরা পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীর একজন। মাহিরা যে শুধু সিনেপর্দা নিয়েই ভাবেন তা নয়। এবার তিনি সরব হচ্ছেন সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে।

মানসিক স্বাস্থ্য নিয়ে সমাজের ট্যাবু বা লোকলজ্জার দেয়াল ভাঙতে এবার জোরালো আহ্বান জানালেন পাকিস্তানি সুপারস্টার মাহিরা খান। সম্প্রতি লন্ডনে ‘ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট’-এর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ বিষয়ে সবার মানসিকতা পরিবর্তনের তাগিদ দেন।

মিডিয়ার মুখোমুখি হয়ে মাহিরা বলেন, ‘আজকের দিনেও মানুষ মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা কথা বলতে দ্বিধাবোধ বা লজ্জাবোধ করেন। অন্যান্য শারীরিক অসুস্থতার মতোই মানসিক রোগকেও স্বাভাবিকভাবে দেখা উচিত।’ এই উদ্যোগে ব্রিটিশ রাজপরিবারের রাজা চার্লসের সম্পৃক্ততাকে তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন।

মানসিক স্বাস্থ্যের পাশাপাশি সমাজে ঘটে যাওয়া নারী হয়রানি ও সহিংসতার বিরুদ্ধেও তীব্র নিন্দা জানান এই অভিনেত্রী। তিনি জোর দিয়ে বলেন, অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করে সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করা দরকার, যেন মানুষের দৃষ্টিভঙ্গি বদলায়।

মাহিরা খানের মতে, মানসিক সংকট কাটাতে এবং সামাজিক অপরাধ রুখতে সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতার কোনো বিকল্প নেই। বিনোদন জগতের এই শীর্ষ তারকার এমন মানবিক বার্তা এখন নেট দুনিয়ায় বেশ প্রশংসিত হচ্ছে।