সৃজিতের ‘কানাইচরণ’ হয়ে পর্দায় ফিরছেন যীশু

এশিয়া পোস্ট ডেস্ক
সৃজিতের ‘কানাইচরণ’ হয়ে পর্দায় ফিরছেন যীশু
অভিনেতা যীশু সেনগুপ্ত। ছবি: সংগৃহীত

ফেলুদা, ব্যোমকেশ ও কাকাবাবুর পর এবার রূপালি পর্দায় আসছে নতুন এক গোয়েন্দা চরিত্র ‘কানাইচরণ’। শুক্রবার (১০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির প্রথম অফিশিয়াল পোস্টার উন্মোচন করে ভক্তদের চমকে দিয়েছেন নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়।

নতুন এই সিনেমার নাম রাখা হয়েছে ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’। পিরিয়ড ড্রামা বা পুরনো আমলের পটভূমিতে নির্মিত হতে যাওয়া এ সিনেমাটির গল্প নেওয়া হয়েছে লেখক রাজর্ষি দাস ভৌমিকের ‘কালাপানির দিশা’ থেকে। এটি যৌথভাবে প্রযোজনা করছে ক্যামেলিয়া প্রোডাকশনস।

পরিচালক সৃজিত মুখোপাধ্যায় জানান, কানাইচরণ চরিত্রের স্বভাব ও মেজাজ তার ভীষণ পছন্দ হয়েছে। গল্পটি পড়ার পরপরই তিনি লেখকের সঙ্গে যোগাযোগ করেন এবং এটি পর্দায় তুলে আনার সিদ্ধান্ত নেন।

পর্দায় নতুন গোয়েন্দা ‘কানাইচরণ’ রূপে দেখা যাবে অভিনেতা যীশু সেনগুপ্তকে। এর আগে তিনি ব্যোমকেশ বক্সী চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা কুড়িয়েছেন। সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন টোটা রায়চৌধুরী, ইধিকা পাল, সুজয়প্রসাদ চ্যাটার্জী ও সুমন্ত মুখার্জিসহ অনেকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, চলতি বছরের আগস্ট মাস থেকেই সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

সূত্র: সংবাদ প্রতিদিন