logo

নাটকের কাহিনি বাস্তবেই ঘটল অভিনেতার

নাটকের কাহিনি বাস্তবেই ঘটল অভিনেতার
অভিনেতা শুভ্রজিৎ রায়। ছবি: সংগৃহীত

কলকাতার বিনোদন অঙ্গনে একের পর এক দুর্ঘটনা লেগে রয়েছে। রাহুলের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পর ‘কম্পাস’ খ্যাত অভিনেত্রী অন্বেষা রায় মুখোপাধ্যায় এবং একই ধারাবাহিকের অভিনেতা অর্কপ্রভ রায়ের দুর্ঘটনায় শঙ্কার কালো মেঘ দেখা দিয়েছে বিনোদনপাড়ায়। এবার গুরুতর চোট পেলেন ‘শুধু তোমারই জন্য’ ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা শুভ্রজিৎ রায়।

ধারাবাহিকে যে দৃশ্যে অভিনয় করছিলেন, বাস্তবেও যেন ঠিক সেই ঘটনাই ঘটল অভিনেতা শুভ্রজিৎ সাহার। কাকতালীয়ভাবে পর্দার গল্পই যেন মিলে গেল তার বাস্তব জীবনের সঙ্গে।

‘শুধু তোমারই জন্য’ ধারাবাহিকে রাহুল চরিত্রের শুভ্রজিতের পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার একটি দৃশ্য চলছে। আর ঠিক সেই সময় শুটিং সেটে পড়ে গিয়ে ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায় অভিনেতার। এজন্য জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়।

সিরিয়ালের ছায়া বাস্তব জীবনেও ঘটে যাওয়ার পর এখন বিশ্রামে আছেন শুভ্রজিৎ। অভিনেত্রীর স্ত্রী প্রিয়াঙ্কা মিত্র জানান, শুটিং চলাকালীন আচমকা পড়ে যান শুভ্রজিৎ। পুরো শরীরের ভার গিয়ে পড়ে ডান পায়ের ওপর। তীব্র যন্ত্রণা নিয়েও পেশাদারের মতো শুটিং শেষ করেন অভিনেতা। পরে অসহ্য ব্যথায় স্ত্রীকে ফোন করলে দ্রুত সেটে পৌঁছে এক্স-রে করান প্রিয়াঙ্কা।

চিকিৎসকদের দাবি, অভিনেতার ডান পায়ের প্রায় ৬০ শতাংশ লিগামেন্ট ছিঁড়ে গেছে। অন্তত চার সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেওয়া হয় তাকে।

এর আগেও প্রোমো শুটে কপাল ফেটে পাঁচটি সেলাই পড়েছিল শুভ্রজিতের। তবু থামেননি অভিনেতা। এবারও তিনি অভিনয় চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।