টম্ব রেইডারের শুটিংয়ে আহত সোফি টার্নার

বিশ্বব্যাপী জনপ্রিয় অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিরিজ ‘টম্ব রেইডার’-এর শুটিংয়ে আহত হয়েছেন অভিনেত্রী সোফি টার্নার। ফলে সিনেমাটির নির্মাণকাজ সাময়িক স্থগিত করা হয়েছে। বহুল প্রতীক্ষিত ভিডিও গেম সিরিজটির দৃশ্যধারণ স্থগিত থাকার বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা সংস্থা অ্যামাজন এমজিএম স্টুডিওজ। তবে একই সঙ্গে নিশ্চিত করেছে, অভিনেত্রীর আঘাত গুরুতর নয়।
জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই লাইভ-অ্যাকশন সিরিজে কিংবদন্তি চরিত্র লারা ক্রফটের ভূমিকায় অভিনয় করছেন ব্রিটিশ অভিনেত্রী সোফি টার্নার। চলতি বছরের জানুয়ারিতে সিরিজটির শুটিং শুরু হয়েছিল। যদিও এখনও আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি, ধারণা করা হচ্ছে ২০২৭ সালে এটি মুক্তি পেতে পারে। শুটিংয়ের সময় পিঠের পুরোনো ব্যথা নতুন করে বেড়ে যাওয়ায় এই চোটে পড়েছেন টার্নার। ফলে শুটিং লম্বা সময়ের জন্য পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
‘ডোপ থিফ’ ও ‘শোগান’ পরিচালক জোনাথন ভ্যান টুলকেন একই সঙ্গে পরিচালনা ও নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন প্রজেক্টটিতে। তিনি জানান, ‘সোফি টার্নার সম্প্রতি শুটিংয়ে একটি ছোটখাটো আঘাত পেয়েছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, তাকে সুস্থ হওয়ার জন্য সময় দিতে নির্মাণকাজ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব নির্মাণকাজ পুনরায় শুরু করার জন্য উন্মুখ।’
প্রত্নতাত্ত্বিক ও অভিযাত্রী লারা ক্রফটের দুঃসাহসিক অভিযানের কাহিনি নিয়ে নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী জনপ্রিয়তার শীর্ষে আছে। ক্রিস্টাল ডায়নামিক্সের সঙ্গে প্রাইম ভিডিওর জন্য ‘টম্ব রেইডার’-এর প্রযোজনাকারী অ্যামাজন এমজিএম স্টুডিওস ১৫ জানুয়ারি লারা ক্রফট চরিত্রে টার্নারের একটি ফার্স্ট-লুক প্রকাশ করে। এতে দর্শকের মধ্যে শুরু হয় উন্মাদনা।
‘গেম অব থ্রোনস’ সিরিজে সানসা স্টার্ক চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া সোফি টার্নার নতুন এই চরিত্র নিয়ে দারুণ উচ্ছ্বসিত। সিরিজটিতে আরও অভিনয় করছেন সিগুর্নি ওয়েভার, সেলিয়া ইমরি ও জেসন আইজ্যাকস। উল্লেখযোগ্য চরিত্রগুলোর মধ্যে রয়েছে এভলিন ওয়ালিস, ফ্রান্সিন ও অ্যাটলাস ডি মর্নে।
‘টম্ব রেইডার’ ১৯৯৬ সালে প্রথমবারের মতো ভিডিও গেমস হিসেবে প্রকাশিত হয়। এর আগে বড় পর্দায় বিখ্যাত ‘লারা ক্রফট’ চরিত্রে অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলি ও অ্যালিসিয়া ভিকান্দার। ২০১৮ সালের সংস্করণটি বক্স অফিসে মাঝারি সাফল্য পেলেও ভিকান্দারের অভিনয় প্রশংসিত হয়েছিল। পরিকল্পিত সিক্যুয়েলটি পরে স্বত্ব জটিলতায় বাতিল হয়ে যায়।