‘সমীকরণ বদলে বদলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে চায় মানুষ’

‘জীবন কোনোদিনই সরল ছিল না, হবেও না। তবু সমীকরণ বদলে বদলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে চায় মানুষ। এই অনন্ত খোঁজের খেলায় কোনো প্রাক্তন বা বর্তমানের ভেদাভেদ থাকে না। সব গণ্ডি মুছে যায়! এরকমই সামলে চলার কঠিন একটা দলিল ‘আজও অর্ধাঙ্গিনী’।’

সম্প্রতি এই ক্যাপশনটি দিয়ে নিজের নতুন সিনেমা আজও অর্ধাঙ্গিনীর ট্রেলার শেয়ার করেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ভারতের গুণী নির্মাতা কৌশিক গাঙ্গুলী পরিচালিত এই সিনেমাটি আগামী ১০ জুলাই কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে।
জয়া আহসান বরাবরই গল্পনির্ভর সিনেমায় কাজ করতে বেশি আগ্রহী। তিনি মনে করেন, সিনেমার গল্প ভালো হলে নিজেকে অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলার দারুণ সুযোগ পাওয়া যায়। সেই ভরসা ও বিশ্বাস থেকেই এই কাজটির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি।

এর আগে, ২০২৩ সালে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ সিনেমাটিতেও অভিনয় করেছিলেন জয়া। সেখানে তিনি ‘মেঘনা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন। এবারও তাকে একই চরিত্রে দেখা যাবে। কৌশিক গাঙ্গুলির পরিচালনায় এটি শুধু একটি সাধারণ পারিবারিক গল্প নয়, বরং এর পরতে পরতে দেখানো হবে মানুষের মানসিক দ্বন্দ্ব ও জীবনের একাকিত্বের গল্প।
আগামী ১০ জুলাই কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া এই সিনেমায় জয়া আহসান ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী গাঙ্গুলী, কৌশিক সেন ও ইন্দ্রাশিস রায়।





