স্পাইডারম্যানের সঙ্গে নিউইয়র্কের আকাশে উড়লেন লিওনেল মেসি

এশিয়া পোস্ট বিনোদন
স্পাইডারম্যানের সঙ্গে নিউইয়র্কের আকাশে উড়লেন লিওনেল মেসি
ফুটবল জাদুকর মেসি নিউইয়র্কের আকাশে উড়ে বেড়ালেন স্পাইডারম্যানের সঙ্গে। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ উন্মাদনায় বুঁদ বিশ্ব। ফুটবলের মাঠ এখন উত্তপ্ত ভূমি। চলছে বিশ্বকাপের হাইভোল্টেজ জ্বর। সেই উত্তপ্ত মাঠে একের পর এক গোল করে যখন ম্যাজিক দেখাচ্ছেন ফুটবল জাদুকর আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি, তখনই অন্য এক ‘মেসি ম্যাজিক’ আছড়ে পড়ল হলিউডের সুপারহিরো মাল্টিভার্সে। মার্ভেল ফ্র্যাঞ্চাইজির বহুল প্রতীক্ষিত সুপারহিরো সিনেমা ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ মুক্তির আগে সনি পিকচার্স নিয়ে এলো এক মহাজাগতিক যুগলবন্দি।

Advertisement

সনি পিকচার্সের রিলিজ করা এই মজাদার প্রোমো ভিডিওতে দেখা যায়, স্পাইডারম্যানের (টম হলান্ড) সঙ্গে ফুটবল জাদুকর নিউইয়র্কের আকাশে জাল বেয়ে উড়ে বেড়াচ্ছেন। ভিডিওটি দেখে স্পোর্টস ও বিনোদন দুই অঙ্গনেই রীতিমতো শোরগোল পড়ে গেছে। উভয় ভুবনের অনুরাগীদের চোখ কপালে।

মজাদার সেই প্রোমো ভিডিওর শুরুতেই দেখা যায়, নিউইয়র্কের এক ছিমছাম কফিশপে ফোনে গভীর আলোচনায় মগ্ন পিটার পার্কার (টম হল্যান্ড)। হঠাৎ কিছু একটায় চোখ আটকে যায় তার। ফোনের অন্য প্রান্তে আওয়াজ—শাট আপ। হঠাৎ পিটারের বিষম খাওয়ার কারণ ফোন নয়, কারণটি মেসি স্বয়ং। দেখা গেল,সেই মুহূর্তে ক্যাফের দরজা ঠেলে ভেতরে ঢুকেছেন খোদ লিওনেল মেসি। সূত্র: আজকাল

সবার আগ্রহী জিজ্ঞাসা, মেসি সেখানে কেন এলেন। এলএম১০ তার ফোন উঁচিয়ে দেখান, তিনি স্পাইডারম্যানকে খুঁজছেন। মুহূর্তের মধ্যেই পিটার চেনা স্পাইডি স্যুটে হাজির। মেসি কিছু বুঝে ওঠার আগেই স্পাইডারম্যান মেসিকে নিয়ে উড়াল দেয়। ম্যানহাটনের আকাশচুম্বী ইমারতগুলোর মাঝখান দিয়ে স্পাইডির জালের শেষ প্রান্তে ঝুলে কেরিয়ারের প্রথম ‘ওয়েব স্লিংগিং’ রাইডের রোমাঞ্চ উপভোগ করেন ফুটবলের ড্রিবলিং কিং।

ভিডিওটি মুক্তি পেতেই ভাইরাল হওয়ার পাশাপাশি ইউটিউবের কমেন্ট সেকশনে ফ্যানদের মজাদার কমেন্টের বন্যা বয়ে গেছে। মেসিকে এমন অবতারে দেখে অভিভূত সবাই।

বিশ্বকাপ উত্তেজনার মধ্যেই ৩১ জুলাই প্রেক্ষাগৃহে আসবে ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ডেসটিন ড্যানিয়েল ক্রেটনের পরিচালনায় এই সিনেমার চিত্রনাট্যে ক্রিস ম্যাককেনা ও এরিক সোমার্সের সঙ্গে লিখেছেন টম হল্যান্ড নিজেও। ট্রেলারে হল্যান্ডের প্রেমিকা জেনডায়াকে মিশেল জোন্স হিসেবে দেখা যাবে।