ভালোবাসার সপ্তাহে দক্ষিণী সিনেমার ত্রিমুখী লড়াই

ভালোবাসার দিবস ঘিরে দক্ষিণী সিনেমায় জমে উঠছে প্রতিযোগিতা। বছরের বিভিন্ন সময় সিনেমা মুক্তি পেলেও কয়েকটি দিন দর্শকদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। তেমনই একটি দিন ভ্যালেন্টাইন্স ডে। এবছর এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে দেখা যাবে তিন সিনেমার তীব্র লড়াই।
পিঙ্কভিলা সূত্রে জানা যায়, আগামী ১৩ ফেব্রুয়ারি টলিউডে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্বক সেনের ‘ফাঙ্কি’, সন্তোষ সোবহানের ‘কাপল ফ্রেন্ডলি’ এবং অর্জুন সারজার ব্যতিক্রমধর্মী ছবি ‘সীতা পায়ানাম’। ভালোবাসার সপ্তাহে মুক্তি পাওয়া এই তিন সিনেমাই দর্শকদের নজর কাড়বে বলে ধারণা করছেন সিনেবোদ্ধারা। বছরের শুরুতে বেশ কিছু সিনেমা মুক্তি পেলেও টলিউড ছিল তুলনামূলকভাবে নিস্তেজ। কেবল সুপারস্টার চিরঞ্জীবীর ‘এমএসজি’ বক্স অফিসে সফলতার মুখ দেখেছে। অন্য সিনেমাগুলো প্রত্যাশিত সাড়া পায়নি। দর্শকসংখ্যা কম থাকায় হতাশায় ভুগেছেন হল মালিকরা।
এই পরিস্থিতিতে ভ্যালেন্টাইন্স ডে ঘিরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর দিকে তাকিয়ে আছে ইন্ডাস্ট্রি। এর মধ্যে একটি হলো ‘ফাঙ্কি’। বিশ্বক সেনের `ফাঙ্কি’ একটি মজাদার রোমান্টিক বিনোদনমূলক ছবি। সিনেমাটি চিত্তবিনোদনের পাশাপাশি দর্শককে পর্দায় ধরে রাখতে সক্ষম হবে। পরিচালক অনুদীপের ট্রেডমার্ক কমেডি হতে যাচ্ছে এই ছবির সবচেয়ে বড় সম্পদ। কমেডি ঘরানা এই সিনেমায় আরও থাকছেন কায়াদু লোহার, নরেশ ও ভিটিভি গনেশ।
ভ্যালেন্টাইন্স সপ্তাহে মুক্তি পাওয়া আরেকটি আলোচিত সিনেমা সন্তোষ সোবহানের ‘কাপল ফ্রেন্ডলি’। একটি লিভ-ইন রিলেশনশিপকে কেন্দ্র করে আবর্তিত এই ছবিটি সেন্সর বোর্ড থেকে ‘এ’ ক্যাটাগরির ছাড়পত্র পেয়েছে। ইতোমধ্যে সন্তোষ সোবহান ও মনসা বারাণসীর অন-স্ক্রিন রসায়ন তরুণ দর্শকদের দৃষ্টি কেড়েছে।
বর্ষীয়ান অভিনেতা অর্জুন সারজা ‘সীতা পায়ানাম’ ছবির মাধ্যমে এক নতুন রূপে হাজির হচ্ছেন। তিনি এ ছবিতে পরিচালকের পাশাপাশি একটি ক্যামিও চরিত্রেও অভিনয় করেছেন। এই সিনেমার মধ্য দিয়ে তার কন্যা ঐশ্বরিয়া সারজার অভিনয় অভিষেক হচ্ছে। ট্রেলার এবং প্রকাশ রাজ ও সত্যরাজের মতো শক্তিমান অভিনেতাদের উপস্থিতি ছবিটির প্রতি আগ্রহ বাড়িয়েছে।
ভালোবাসার সপ্তাহে কোন সিনেমাটি দর্শকদের মন জয় করে বক্স অফিসে এগিয়ে যাবে—সেদিকেই এখন তাকিয়ে আছে সিনেমা মহল। ভ্যালেন্টাইন্স ডে উইকএন্ডে দক্ষিণী সিনেমার এই লড়াইয়ের ফলাফলই এখন দেখার বিষয়।

