আমেরিকায় সেরা অভিনেতার পুরস্কার পেলেন ‘দেলুপি’র চিরনজিৎ বিশ্বাস

আমেরিকার মর্যাদাপূর্ণ ‘তাসভীর চলচ্চিত্র উৎসব’-এ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে বাংলাদেশের সিনেমা। এই উৎসবে সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেছেন ‘দেলুপি’ চলচ্চিত্রের প্রধান অভিনেতা চিরনজিৎ বিশ্বাস।
চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক মঞ্চে এই অর্জন দেশের অভিনয়শিল্পীদের মুকুটে এক নতুন পালক যোগ করেছে এবং বিশ্বমঞ্চে বাংলা চলচ্চিত্রের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।
‘দেলুপি’ ছবির এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে সংশ্লিষ্ট টিম জানিয়েছে, দর্শকদের ভালোবাসাই এই পথচলার সবচেয়ে বড় অনুপ্রেরণা। নির্মাতা ও কলাকুশলীরা বিশ্বাস করেন, এই অর্জন আগামী দিনে আরও ভালো কাজের মধ্য দিয়ে বাংলা সিনেমাকে বিশ্বদরবারে পৌঁছে দিতে সাহায্য করবে।
অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অভিনেতা চিরনজিৎ বিশ্বাস বলেন,‘আমেরিকার ‘তাসভীর চলচ্চিত্র উৎসব’-এ এমন স্বীকৃতি পাব তা সত্যিই ধারণার বাইরে ছিল। আন্তর্জাতিক বিচারকমণ্ডলীর প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। ‘দেলুপি’র পুরো টিম যে মেধা ও পরিশ্রম এই চলচ্চিত্রে দিয়েছে, এটি তারই ফল। আমাদের দর্শকরা যেভাবে শুরু থেকেই দেলুপি’র পাশে ছিলেন, তাদের প্রতি অন্তহীন কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
‘দেলুপি’ দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে এই আনন্দের ভাগীদার হওয়ার পাশাপাশি আগামী দিনগুলোতেও বাংলা চলচ্চিত্রের পাশে থাকার আহ্বান জানানো হয়েছে।