নার্সের বেশে হাজির হচ্ছেন কঙ্গনা রানাউত

কঙ্গনা রানাউত তার সুনিপুণ অভিনয়শৈলীর মাধ্যমে বলিউডে নিজের শক্তিশালী অবস্থান তৈরি করেছেন। নেমেছেন রাজনীতির কূটিল অঙ্গনেও। এবার রাজনৈতিক ক্যারিয়ারে খানিকটা বিরতি দিয়ে পরবর্তী সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’-এর কাজ শুরু করেছেন কঙ্গনা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস এন্টারটেইনমেন্টের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, কঙ্গনার পরবর্তী সিনেমাটি ২০০৮ সালের নভেম্বরে মুম্বাইয় হামলার ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে। সেখানে তিনি একজন নার্সের ভূমিকায় অভিনয় করবেন।
‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমায় মুম্বাইয়ে ওই সন্ত্রাসী হামলার সময় কামা ও অ্যালব্লেস হাসপাতালের বিভিন্ন ঘটনা উঠে আসবে। সেখানে দেখানো হবে, হাসপাতালের ডাক্তার-নার্সসহ সব কর্মী কীভাবে সংকটময় মুহূর্তে সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছিলেন।

কঙ্গনা রানাউতের পাশাপাশি এতে গিরিজা ওককেও খুবই গুরুত্বপূর্ণ একজন নারী চরিত্র হিসেবে দেখা যাবে। মনোজ তাপাদিয়ার পরিচালনায় প্রথম সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’র শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। বর্তমানে এটি পোস্ট-প্রোডাকশন পর্যায়ে রয়েছে। ‘ইমার্জেন্সি’র এক বছর পর কঙ্গনার কামব্যাক মুভিটি চলতি বছরের শেষ দিকে সিনেমা হলে মুক্তি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
হিমাচলের ছোট্ট শহর ভাম্বলায় জন্ম নেওয়া কঙ্গনা রানাউত মিডিয়ায় সত্য মতামত সরাসরি প্রকাশের জন্য সাধারণের কাছে বিশেষভাবে সুপরিচিত। এই আচরণের জন্য তিনি একই সঙ্গে আলোচিত-সমালোচিতও। তবে প্রতিবন্ধকতা যতই থাকুক নিজেকে অন্যতম একজন ভারতীয় সেলিব্রেটি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।