logo

পৃথ্বিরাজ কাপুরের ৯৩ বছর আগের স্মৃতি ফেরালেন রণবীর

পৃথ্বিরাজ কাপুরের ৯৩ বছর আগের স্মৃতি ফেরালেন রণবীর

ঝিমিয়ে থাকা বলিউড ইন্ডাস্ট্রিকে জাগিয়ে তোলার অন্যতম রূপকার রণবীর কাপুর। ‘অ্যানিমেল’ দিয়ে রীতিমতো বলিউডে বিপ্লব এনেছেন। এবার তাকে দেখা যাবে ‘রাম’ অবতারে। বলিউডের অন্যতম বিশাল বাজেটের সিনেমা ‘রামায়ণ’-এ তাকে দেখা যাবে এই চরিত্রে। ৪ হাজার কোটি রুপির বাজেটের সিনেমায় রামের ভূমিকায় অভিনয় করে রণবীর ৯৩ বছর পর ফিরিয়ে আনলেন তার প্রপিতামহ পৃথ্বীরাজ কাপুরের স্মৃতিকে।

পৃথ্বীরাজ কাপুর রণবীরের মতোই বড়পর্দায় ‘রাম’ হয়েছিলেন। ১৯৩৩ সালে দেবকী বসুর পরিচালনায় ‘সীতা’ সিনেমায় রামের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেই কাজ করে তিনি আন্তর্জাতিক মঞ্চে সম্মানিতও হয়েছিলেন। পরের বছর দ্বিতীয় ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মান পেয়েছিল অভিনেতাসহ সিনেমাটি।

প্রথম ভারতীয় সবাক সিনেমা হিসেবে ‘সীতা’ প্রথমবারের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। সে সময় দেবকী বসু ‘সীতা’র মাধ্যমে ভারতে ভিন্ন ধারার সিনেমার পথ বাতলে দেন। পৃথ্বিরাজের হাত ধরেই শুরু ভারতীয় সিনেমায় কাপুর পরিবারের প্রভাব, যা এখনো বিদ্যমান। 

একই পরিবারের দুই সময়ের সদস্যের মধ্যে এত মিল দেখে স্বাভাবিকভাবেই আলোচনা চলছে বিনোদন দুনিয়ায়। একই সঙ্গে দর্শক-ভক্তদের মনে কৌতূহল। প্রপিতামহের মতো রণবীরও কি ‘রাম’ চরিত্র দিয়ে আন্তর্জাতিক পালক নিজের মুকুটে যুক্ত করতে পারবেন?

সদ্য মুক্তি পাওয়া নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর টিজারে রণবীরের ‘লুক’ দেখে মুগ্ধ সিনেমপ্রেমীরা। রণবীরের এই বিশেষ চেহারা দেখে স্মৃতিকাতর অনেকেই। মনে করিয়ে দিচ্ছে পৃথ্বীরাজের কথা। প্রসঙ্গত, ‘রাম’ হবেন বলেই রণবীর মদ্যপান, মাংস খাওয়া ছেড়েছেন। নিয়ন্ত্রিত জীবনযাপন করেছেন।

টিজার দেখেই বোঝা যায়, দুই পর্বের এই মহাযজ্ঞ শুধু একটি সিনেমাই নয়, ভারতীয় পুরাণকে গ্লোবাল স্কেলে ফের একবার তৈরির সাহসী চেষ্টা। একই সঙ্গে বিশ্বজুড়ে প্রকাশিত এই ঝলক স্পষ্ট করে দিল, ‘রামায়ণ’ শুধু ভারতীয় দর্শকের জন্য নয়, এটা আন্তর্জাতিক দর্শকদেরও লক্ষ্য করে তৈরি। যারা ছোটবেলা থেকে রাম-কথা শুনে বড় হয়েছেন, তাদের কাছে এটি নস্টালজিয়ার নতুন ভাষা।