logo
Advertisement

অবসরের কথা ভাবতেই ভয় পান অমিতাভ বচ্চন

অবসরের কথা ভাবতেই ভয় পান অমিতাভ বচ্চন

সেই ১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্তানি’ দিয়ে রুপালি পর্দায় পদচারণা। এখনও দাপিয়ে বেড়াচ্ছেন সিনেপর্দা। বয়স আশি পেরিয়ে ৮৩-তে, তবুও কাজ করে চলেছেন অবিরাম। সাতান্ন বছরের ক্যারিয়ারে খুব একটা বিশ্রাম নেননি বলিউডের জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চন। এখনও দুই বেলা পালা করে কাজ করছেন; বার্ধক্য পারেনি তাকে এতটুকু নোয়াতে।

অমিতাভ বচ্চনের সমসাময়িক অনেক অভিনেতা-কলাকুশলী বার্ধক্যের চাপে নুইয়ে পড়েছেন। তবে বলিউডের ‘শাহেনশাহ’ হাঁটছেন উল্টো পথে। বয়স বাড়লে সাধারণত কাজ কমিয়ে দেন অন্যরা; কিন্তু অমিতাভ বচ্চন বার্ধক্যেও কাজের সংখ্যা বাড়িয়েছেন। প্রভাসের ‘কল্কি’ সিনেমায় অশ্বত্থামার ভূমিকায় শক্তিশালী উপস্থিতি আর মনভোলানো অভিনয় বলিউড তারকাকে আবারও আলোচনায় নিয়ে আসে। বিশ্রামে থাকলে অসুস্থ হয়ে যাবেন—এই আতঙ্কে কাজ করে চলেছেন অবিরাম।

বলিউডের অন্যতম সেরা অভিনেতার বৃদ্ধ বয়সেও এই কর্মক্ষমতার বিষয়ে অনেকেই কৌতূহলী। আবার কেউ কেউ উদ্বিগ্ন তার স্বাস্থ্য নিয়ে। তবে অভিনেতা জানান, একদিন কাজ না করতে পারলে ভালো লাগে না তার। কাজের রুটিনে যদি হঠাৎ পরিবর্তন আসে তাহলে দৈনন্দিন জীবনের ভারসাম্য নষ্ট হয়। এতে হয়তো শারীরিক সমস্যা দেখা দেবে।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরেই প্রতি রোববার নিয়ম করে দেখা করেন অনুরাগীদের সঙ্গে। ব্লগের মাধ্যমে যোগাযোগ রাখেন। এত বয়সে অবিরাম কাজ করা প্রসঙ্গে এক ভক্তের প্রশ্নে বিগবি জানান, একটা দিন বিরতি নিলে উচাটনে ভোগেন তিনি। এ কারণেই বিশ্রাম নেন না তিনি। তার ভয় ও আতঙ্ক, যদি সেই নিয়মের স্রোতে ব্যতিক্রম ঘটে বা বাধা পড়ে, তাহলে হয়তো তিনি আর আগের মতো উদ্যম পাবেন না। এজন্য বাড়িতে শুয়ে বসে আরাম করে দিন কাটানোর বদলে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন অভিনেতা।