logo

উদ্ধারের পরও প্রাণ ছিল রাহুলের, জানা গেল চাঞ্চল্যকর তথ্য 

উদ্ধারের পরও প্রাণ ছিল রাহুলের, জানা গেল চাঞ্চল্যকর তথ্য 

টলিপাড়ায় নেমে এলো শোকের ছায়া। রোববার (২৯ মার্চ) দিঘার তালসারিতে শুটিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার বয়স হয়েছিল ৪৩ বছর। শুটিং শেষে সমুদ্রে একা নামার সময় বিপদ ঘটে।

সূত্রের খবর অনুযায়ী, সকাল থেকে শুটিংয়ে ব্যস্ত ছিলেন রাহুল। বিকেলে শুটিং শেষে তিনি সমুদ্রে নামেন। সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্র সৈকতে দাঁড়িয়ে ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, সমুদ্রে নামার পর রাহুলের পা বালিতে আটকে যায় এবং ঢেউয়ের আঘাতে তিনি ভারসাম্য হারান।

প্রত্যক্ষদর্শী দিগন্ত বাগচী বলেন, সম্ভবত তিনি সাঁতার জানতেন না বা আটকে পড়ে ছিলেন। হঠাৎ টেকনিশিয়নরা চিৎকার করে বলেন, রাহুলদা ডুবে যাচ্ছে। দ্রুত উদ্ধার করা হয়, তখনও তিনি বেঁচে ছিলেন।

রাহুলকে দ্রুত দিঘা মহকুমা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে মৃত্যুর খবর নিশ্চিত করেন। 

প্রোডাকশন ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তী জানিয়েছেন, শুটিং প্যাকআপ হয়ে যাওয়ার পর সৈকতে পৌঁছে রাহুলকে গাড়িতে তোলা হয়। রাস্তায় চলার সময় টেকনিশিয়নরা তার বুকে হাত দিয়ে বাঁচানোর চেষ্টা করেন। সম্ভবত হাসপাতালে যাওয়ার পথে হার্ট অ্যাটাক হয় এবং ২০-২২ মিনিটের মধ্যে তিনি মারা যান। 

২০০৮ সালে ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমা দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। এরপর বেশ কয়েকটি সিনেমায় দেখা যায় তাকে। তবে সেভাবে সফলতা ধরে রাখতে না পারায় ব্যস্ত হয়ে যান ছোট পর্দা নিয়ে। তার এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায়।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দুই দশকের বেশি সময় ধরে টলিউডে কাজ করছেন। ছোটপর্দা থেকে বড়পর্দায়, ওয়েব দুনিয়ায় ছিল তার অবাধ যাতায়াত। বর্তমানে তাকে দর্শকরা ‘ভোলে বাবা পার করেগ’ ধারাবাহিকে দেখতে পাচ্ছিলেন। তার এবং শ্বেতা মিশ্রর রসায়ন দর্শকদের নজর কেড়েছিল। টিআরপিতেও তার ফল দেখা যাচ্ছিল। এছাড়া তিনি আগে হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকে অভিনয় করেছেন।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে দর্শক সম্প্রতি হইচই প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজ 'ঠাকুমার ঝুলি'তে দেখেছেন। সেখানে তিনি পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন।

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। অভিনয় যাত্রা শুরু করেন বাবার সঙ্গে রাজ দর্শন নামের একটি নাটকে বিজয়গড় থিয়েটার দলের মাধ্যমে। এরপর থেকে তিনি প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন।

রাহুলের অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’, ‘আকাশ অংশত মেঘলা’ । ব্যক্তি জীবনে রাহুল ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন। ২০১৭ সাল থেকে তারা আলাদাভাবে থাকা শুরু করেন। পরে বিচ্ছেদ হয় তাদের। একমাত্র সন্তান সহজ।