ধুরন্ধর-২ দেখে ইয়ামি গৌতমের উচ্ছ্বাস

গত বছর বলিউড সুপারস্টার রণবীর সিং ‘ধুরন্ধর’ দিয়ে চারদিকে শোরগোল ফেলে দেন। গোয়েন্দা ভিত্তিক সিনেমাটি বক্স অফিসে ঝড় তোলে। প্রথম খণ্ডের রেশ এখনো কাটেনি। এরই মধ্যে সিনেপ্রেমীদের মধ্যে আবারও আলোড়ন তুলেছে ‘ধুরন্ধর ২’। সিনেমাটির ফার্স্ট রিভিউ দেখে অভিনেত্রী ইয়ামি গৌতম বিস্ফোরক প্রতিক্রিয়া দেখিয়েছেন। এর ফলে ভক্তদের মধ্যে দেখা দিয়েছে আরও কৌতূহল ও উত্তেজনা।
আদিত্য ধর পরিচালিত এ সিনেমায় রণবীর সিং প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। প্রথম ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। এর দ্বিতীয় অংশটি এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি।
সম্প্রতি একটি অনুষ্ঠানে ইয়ামি গৌতম প্রকাশ করেন যে তিনি ধুরন্ধর-২ দেখেছেন। তিনি উচ্ছ্বসিত কণ্ঠে জানান, তিনি যা দেখেছেন তা বুঝতে তার কিছুটা সময় লেগেছে। তার মতে, এটি খুবই বিশেষ এবং আবেগগত বার্তা দেয়। পরিচালক মুকেশ গৌতমের কন্যা ও অভিনেত্রী ইয়ামি গৌতমের মতে, সিনেমাটি দীর্ঘ সময় দর্শকের মনে গেঁথে থাকবে এবং ওপর গভীর প্রভাব ফেলবে। সূত্র: বলিউড লাইফ
ধুরন্ধর-২ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন ইয়ামি, ‘সিনেমাটি দেখে অভিজ্ঞতাগুলো হজম করতে আমার সময় লেগেছে। এটি অসাধারণের চেয়েও অসাধারণ। পরে আমি গভীরভাবে আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমি শুধু এটুকুই বলতে পারি, আদিত্য তার দেশকে ভালোবাসে, ভক্তদের ভালোবাসে। তিনি এই ছবিতে তার হৃদয় ও আত্মা ঢেলে দিয়েছেন।’
জিও স্টুডিওর ইউটিউব চ্যানেল ছাড়াও রণবীর সিং নিজে তার সোশ্যাল মিডিয়ায় ধুরন্ধরের দ্বিতীয় খণ্ডটির টিজার শেয়ার করেছেন। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন এক কড়া বার্তা— ‘এটা নতুন ভারত। সে ঘরে ঢুকবে এবং খুনও করবে।’ টিজারের টানটান উত্তেজনা দর্শকদের উন্মাদনা তুঙ্গে।
‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটি তামিল, হিন্দি, কন্নড় এবং মালায়ালামের পাশাপাশি তেলেগু ভাষায়ও মুক্তি পাবে। একই সময়ে সাউথ ইন্ডাস্ট্রিতে আসবে যশের ‘টক্সিক’। দুই ইন্ডাস্টির দুই হাইভোল্টেজ সিনেমার অভাবনীয় এই সংঘর্ষ উপভোগ করতে দর্শকরা অধীর হয়ে আছেন।