logo

ক্যারিয়ারে সবচেয়ে দীর্ঘ সিনেমা নিয়ে আসছেন শ্রদ্ধা

ইন্ডিয়ান এক্সপ্রেস
ইন্ডিয়ান এক্সপ্রেস
ক্যারিয়ারে সবচেয়ে দীর্ঘ সিনেমা নিয়ে আসছেন শ্রদ্ধা
অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ছবি: ইন্সটাগ্রাম

১৬ বছরের অভিনয়জীবনে একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এবার নতুন সিনেমা ‘ইথা’ নিয়ে বড় পর্দায় আসছেন তিনি। আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে লক্ষ্মণ উতেকর পরিচালিত সিনেমাটি। মুক্তির আগেই অবশ্য শ্রদ্ধার ক্যারিয়ারে নতুন একটি রেকর্ড গড়েছে এটি।

সিনেমাটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ৫২ মিনিট ১৪ সেকেন্ড। এর মধ্য দিয়ে শ্রদ্ধার অভিনীত সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ হতে যাচ্ছে ‘ইথা’। এতদিন এই রেকর্ড ছিল ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘সাহো’র দখলে। প্রভাসের সঙ্গে অভিনীত সিনেমাটির দৈর্ঘ্য ছিল ২ ঘণ্টা ৫১ মিনিট ৫২ সেকেন্ড। অর্থাৎ মাত্র ২২ সেকেন্ডের ব্যবধানে আগের রেকর্ড ছাড়িয়ে গেছে ‘ইথা’।

Advertisement

ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র ছাড়পত্র বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২৭ নভেম্বর সিনেমাটি ইউ/এ ১৬+ সনদ পেয়েছে। ফলে প্রেক্ষাগৃহে মুক্তির ক্ষেত্রে আর কোনো ছাড়পত্রজনিত বাধা নেই।

‘ইথা’য় শ্রদ্ধাকে দেখা যাবে মহারাষ্ট্রের কিংবদন্তি মারাঠি তামাশা ও লাবণী শিল্পী বিঠাবাই নারায়ণগাঁওকরের চরিত্রে। শিল্পীর জীবনের নানা ঘটনা নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। তার জীবনের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি উঠে এসেছে সিনেমার প্রচারচিত্রেও।

কথিত আছে, অন্তঃসত্ত্বা অবস্থায় একদিন মঞ্চে পরিবেশনার সময় প্রসববেদনা শুরু হয় বিঠাবাইয়ের। এরপর মঞ্চের পেছনে গিয়ে সন্তান জন্ম দেন তিনি। কিন্তু সেখানেই থেমে থাকেননি। সদ্যোজাত সন্তানকে পেছনে রেখে আবার মঞ্চে ফিরে পরিবেশনা চালিয়ে যাওয়ার প্রস্তুতি নেন। শিল্পের প্রতি তার অসাধারণ নিষ্ঠার অন্যতম উদাহরণ হিসেবে ঘটনাটি আজও আলোচিত।

সিনেমাটিতে শ্রদ্ধা কাপুরের পাশাপাশি অভিনয় করেছেন রণদীপ হুদা, মোহাম্মদ জিশান আইয়ুব, সিদ্ধার্থ যাদব, ইশতিয়াক খান ও অনন্ত যোশি। ম্যাডক ফিল্মস ও পুতুল ক্রিয়েশনসের প্রযোজনায় নির্মিত সিনেমাটির পরিচালক লক্ষ্মণ উতেকর।

সূত্র: বলিউড হাঙ্গামা, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস