রজনীকান্তের মুখে ধোঁয়া ছাড়তে গিয়ে কাঁপছিলেন বিদ্যা বালান

দক্ষিণী তারকা রজনীকান্তের সঙ্গে একই সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। তবে ‘জেলার ২’ সিনেমার শুটিংয়ের প্রথম দিনেই এমন এক পরিস্থিতিতে পড়েন, যা সামাল দিতে বেশ বেগ পেতে হয়েছিল তাকে। রজনীকান্তের মুখের দিকে সিগারেটের ধোঁয়া ছাড়ার দৃশ্যে অভিনয় করতে গিয়ে কাঁপছিল বিদ্যার হাত। পরে জানা যায়, এর পেছনে ছিল নিকোটিনের প্রভাব।
সম্প্রতি সিনেমাটির প্রচার অনুষ্ঠানে শুটিংয়ের সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন বিদ্যা ও পরিচালক নেলসন দিলীপকুমার। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিদ্যার চরিত্রটি সিনেমায় বেশ শক্তিশালী। একটি দৃশ্যে রজনীকান্তের অভিনীত চরিত্রের মুখোমুখি হয়ে তার দিকে সিগারেটের ধোঁয়া ছাড়তে দেখা যাবে বিদ্যাকে। শুটিংয়ের প্রথম দিনেই দৃশ্যটি ধারণ করার পরিকল্পনা ছিল পরিচালকের। ফলে শুরুতেই এমন একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে কিছুটা চাপে পড়ে যান অভিনেত্রী।
পরিচালক নেলসন জানান, দৃশ্যটি করার আগে বিদ্যা বলেছিলেন, এমন দৃশ্যে অভিনয় করতে তিনি কিছুটা ভয় পাচ্ছেন। রজনীকান্তের মুখের দিকে ধোঁয়া ছাড়ার নির্দেশনা পাওয়ার পর তার অস্বস্তি আরও বেড়ে যায়। মনিটরে দৃশ্যটি দেখতে গিয়ে নেলসন দেখেন, বিদ্যার হাত কাঁপছে। সিগারেট হাতে তার সেই অস্বস্তি চোখেও পড়ছিল।
দৃশ্যটি ঠিকঠাক করতে কয়েকবার শট নিতে হয়। পরিচালকের ভাষ্য অনুযায়ী, তৃতীয়বারের মতো শট নেওয়ার পর দৃশ্যটি ঠিকভাবে ধারণ করা সম্ভব হয়। পর্দায়ও বিদ্যার চোখেমুখে কিছুটা অস্বস্তির ছাপ রয়ে গেছে বলে মনে করেন তিনি।
তবে বিদ্যা জানিয়েছেন, বিষয়টি শুধু রজনীকান্তের সামনে অভিনয় করার নার্ভাসনেস ছিল না। এর পেছনে শারীরিক প্রতিক্রিয়াও কাজ করেছিল। আগে ধূমপানের অভিজ্ঞতা থাকায় তিনি ভেবেছিলেন, সহজেই দৃশ্যটি করতে পারবেন। কিন্তু দীর্ঘদিন পর পর্দায় ধূমপান করতে গিয়ে নিকোটিনের প্রভাবে তার শরীর প্রতিক্রিয়া দেখায়। হাত স্থির রাখার চেষ্টা করতে গিয়ে উল্টো আরও চাপে পড়ে যান তিনি।
বিদ্যার কথায়, প্রথমবারেই এমন পরিস্থিতিতে পড়ায় তিনি বেশ বিব্রত হয়েছিলেন। বিশেষ করে রজনীকান্তের সামনে ঘটনাটি ঘটায় অস্বস্তি আরও বেড়ে যায়। তবে প্রবীণ এই অভিনেতার আচরণ তাকে স্বস্তি দিয়েছিল। বিদ্যা জানান, রজনীকান্ত তার সঙ্গে খুবই আন্তরিক ছিলেন।
২০১১ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমার পর দীর্ঘ ১৫ বছর পর আবার পর্দায় ধূমপানের দৃশ্যে অভিনয় করলেন বিদ্যা। ‘জেলার ২’ সিনেমায় তার চরিত্রের নাম কান্তা। রজনীকান্তের সঙ্গে এটিই তার প্রথম পূর্ণদৈর্ঘ্য তামিল সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা।
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’ সিনেমার সিক্যুয়েল ‘জেলার ২’ পরিচালনা করেছেন নেলসন দিলীপকুমার। এতে রজনীকান্তের পাশাপাশি অভিনয় করেছেন রম্যা কৃষ্ণান, যোগী বাবু, মিঠুন চক্রবর্তীসহ আরও অনেকে।