logo

মধুবালা হতে যাচ্ছেন অনিত পাড্ডা

মধুবালা হতে যাচ্ছেন অনিত পাড্ডা

গত বছর হঠাৎ করেই বলিউড পেয়ে গেল এক নতুন নায়িকাকে, অনিত পাড্ডা। ‘সাইয়ারা’ সিনেমা দিয়ে মাত করেন দর্শকহৃদয়। মিষ্টি মুখশ্রী আর মায়াবী চাহনির এই নায়িকা দুরন্ত অভিনয় দিয়ে জানান দিলেন, তিনি হতে যাচ্ছেন বলিউডের লম্বা রেসের ঘোড়া। ঠিক তা-ই। এবার অনিত হতে যাচ্ছেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মধুবালা।

অনিত পাড্ডা বিখ্যাত অভিনেত্রী মধুবালার জীবন এবং ক্যারিয়ারের ওপর ভিত্তি করে নির্মিত একটি নাটকীয় বায়োপিকে অভিনয় করবেন। অবশ্য মধুবালার জীবনীভিত্তিক এই বায়োপিকে অভিনয় করার কথা ছিল কিয়ারা আদভানির। মাতৃত্ব ও ব্যস্ততার কারণে কিয়ারা সিনেমাটি ফিরিয়ে দেন। মধুবালার অনুরাগী অনিতকে বলা মাত্রই তিনি রাজি হয়ে যান।

ফিল্মফেয়ারের তথ্য অনুসারে, অনিত এরই মধ্যে এই প্রকল্পের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমাটির  চিত্রগ্রহণ শিগগির শুরু হবে। সংশ্লিষ্টরা সিনেমার বিস্তারিত ও চূড়ান্ত কাস্টিংয়ের তথ্য গোপন রেখেছেন। দর্শককে চমক দেখানোর উদ্দেশ্যেই এমনটা করা হয় বলে জানা যায়।

নবাগত আহান পান্ডের বিপরীতে ‘সাইয়ারা’র পর ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের ‘শক্তিশালিনী’তে অনিত প্রধান চরিত্রে অভিনয় করেন। আগামী ক্রিসমাসে শাহরুখ খানের ‘কিং’-এর সঙ্গে যুদ্ধে নামবে ‘শক্তিশালিনী’।

মিষ্টি প্রেমিকার অবতার ঝেরে ফেলে ‘শক্তিশালিনী’তে নতুন অবতারে দেখা যাবে অনিতকে। এরপরই আবার মধুবালা হয়ে পর্দায় হাজির হতে চলেছেন অনিত।