Advertisement

জিৎ-দেবের ‘প্রতিদ্বন্দ্বিতা’ নিয়ে যা বললেন জিৎ

এশিয়া পোস্ট বিনোদন
জিৎ-দেবের ‘প্রতিদ্বন্দ্বিতা’ নিয়ে যা বললেন জিৎ

দুই বছর পর সিনেমা নিয়ে ফিরছেন পশ্চিমবঙ্গের সুপারস্টার জিৎ। আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে বর্তমানে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন সিনেমার পাশাপাশি ক্যারিয়ার ও সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেছেন জিৎ। সেখানে উঠে আসে তার অন্যতম সমসাময়িক তারকা দেবের প্রসঙ্গও।

গত কয়েক বছরে দেব একের পর এক সিনেমায় ব্যস্ত থাকলেও জিৎকে তুলনামূলকভাবে কম সিনেমায় দেখা গেছে। এ বিষয়ে জিৎ জানান, হিন্দি সিরিজ ‘খাকি’-তে কাজের কারণে তাকে প্রায় ছয়-সাত মাস অন্য কোনো কাজ থেকে দূরে থাকতে হয়েছে। এরপর পছন্দসই গল্পও হাতে আসেনি বলে জানান তিনি।

জিৎ বলেন, “এরপর আমার কাছে ভালো কোনো গল্পও আসেনি, যেটা আগ্রহ নিয়ে করব। ভাগ্যিস ‘বিপ্লবী ডাকাত’ এসেছে।”

সিনেমার সংখ্যা কিংবা দেবের সঙ্গে কথিত প্রতিযোগিতা প্রসঙ্গে জিৎ বলেন, “আমাদের ইন্ডাস্ট্রিতে বছরে একশর মতো ছবি হয়। সেখানে দু-তিনটি ছবি জিতেরও থাকে। আগে প্রসেনজিৎ বনাম জিৎ হতো, এখন দেব বনাম জিৎ। মিডিয়ার জন্য কখনো ইস্ট বেঙ্গল আর মোহনবাগান হতে পারে, কখনও আর্জেন্টিনা বনাম ব্রাজিল; আবার কখনও সালমান খান বনাম শাহরুখ খান হয়।”

নিজের ক্যারিয়ারের শুরুর দিকের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “তবে আমি যখন শুরু করেছিলাম, তখন দেবের অস্তিত্বই ছিল না। তখন প্রসেনজিৎ বনাম জিৎ বলা হতো। এটা আমার কাছে নতুন কিছু নয়। ছবির সংখ্যা কম-বেশি নিয়ে কারোর দিকে আঙুল তোলার মানে নেই। আমার কপালে হয়তো এমনটাই লেখা ছিল।”

ভারতের কালজয়ী বিপ্লবী অনন্ত সিংয়ের জীবনের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। এতে অনন্ত সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন জিৎ। গল্পের প্রয়োজনে সিনেমাটিতে তাকে একাধিক রূপে দেখা যাবে।

পথিকৃৎ বসু পরিচালিত সিনেমাটিতে জিতের সঙ্গে আরও অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, কৌশিক সেন, রজতাভ দত্ত, চন্দন সেন, প্রিয়াঙ্কা সরকারসহ অনেকে।

দীর্ঘ ক্যারিয়ারে জিৎ ও দেবকে একসঙ্গে মাত্র একটি সিনেমাতেই দেখা গেছে। রাজ চক্রবর্তী পরিচালিত ‘দুই পৃথিবী’ মুক্তি পেয়েছিল ২০১০ সালে এবং সিনেমাটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পায়। এরপর বিভিন্ন সময়ে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার গুঞ্জন উঠলেও বাস্তবে আর কোনো সিনেমায় তারা জুটি হননি। বরং সময়ের সঙ্গে তাদের মধ্যকার দূরত্ব নিয়েই নানা আলোচনা সামনে এসেছে।

জিৎ-দেবের ‘প্রতিদ্বন্দ্বিতা’ নিয়ে যা বললেন জিৎ