অবাধ্য মেয়ের নতুন অ্যাডভেঞ্চার ‘এনোলা হোমস থ্রি’

এশিয়া পোস্ট বিনোদন
অবাধ্য মেয়ের নতুন অ্যাডভেঞ্চার ‘এনোলা হোমস থ্রি’
‘এনোলা হোমস থ্রি’-তে দেখা যাবে নারীর বুদ্ধিমত্তা, জাগরণ ও সমঅধিকারের বার্তা। ছবি: সংগৃহীত

বিখ্যাত গোয়েন্দা শার্লক হোমসের নাম শোনেননি, এমন মানুষ খুঁজে পাওয়া ভার। তবে শুধু শার্লকই নন, হোমস বংশের জিনগত বুদ্ধিমত্তা নিয়ে পর্দায় রীতিমতো ঝড় তুলেছে তার ছোট বোন ‘এনোলা হোমস’। আগামী ১ জুলাই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে এই ফ্র্যাঞ্চাইজির বহুল প্রতীক্ষিত তৃতীয় কিস্তি—‘এনোলা হোমস থ্রি’। সম্প্রতি সিনেমাটির ফার্স্টলুক ও মুক্তির তারিখ প্রকাশ করেছে নেটফ্লিক্স।

Advertisement

ভিক্টোরিয়ান আমলের সামাজিক নিয়মের তোয়াক্কা না করা, ডানপিটে আর স্বাধীনচেতা এক নারী এনোলা। তৎকালীন সমাজের প্রথাগত নারী শিক্ষার গণ্ডি পেরিয়ে মায়ের কাছেই সে শিখেছিল বিজ্ঞান, দর্শন, দাবা আর আত্মরক্ষার কৌশল। ১৬ বছর বয়সে মায়ের নিখোঁজ হওয়া এবং ভাইদের চাপিয়ে দেওয়া প্রাতিষ্ঠানিক নিয়ম থেকে বাঁচতে ঘর থেকে পালিয়েছিল এনোলা। সেই যাত্রায় মায়ের খোঁজ পাওয়ার পাশাপাশি নিজের ক্ষুরধার বুদ্ধি দিয়ে একে একে তিনটি জটিল রহস্যের সমাধান করে নিজেকে স্বাধীন গোয়েন্দা হিসেবে প্রমাণ করে সে।

শার্লক হোমসের ছোট বোন ‘এনোলা হোমস’।
শার্লক হোমসের ছোট বোন ‘এনোলা হোমস’।

ন্যান্সি স্প্রিঙ্গারের ‘এনোলা হোমস মিস্ট্রিজ’ উপন্যাস সিরিজ অবলম্বনে ২০২০ সালে মুক্তি পেয়েছিল এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা। এর পর থেকেই দর্শকদের ভালোবাসায় সিক্ত এনোলা চরিত্রটি। লেখক এই চরিত্রের মাধ্যমে মূলত নারী জাগরণ ও সমঅধিকারের বার্তাই ফুটিয়ে তুলেছেন।

এবারের কিস্তিতে এনোলাকে দেখা যাবে একেবারেই নতুন এক রহস্যের সন্ধানে মাল্টায় পৌঁছাতে। সেখানে তার ব্যক্তিগত ও পেশাগত জীবন এমন এক জটিল ও বিপজ্জনক মামলার মুখোমুখি হবে, যা তার আগের সব রেকর্ডকে ছাড়িয়ে যাবে।

ফিলিপ বারান্তিনির পরিচালনায় এবং জ্যাক থর্নের চিত্রনাট্যে ‘এনোলা হোমস থ্রি’-তে কেন্দ্রীয় চরিত্রে যথারীতি থাকছেন মিলি ববি ব্রাউন। শার্লক হোমসের ভূমিকায় হেনরি কাভিল এবং মায়ের চরিত্রে দেখা যাবে হেলেনা বোনহ্যাম কার্টারকে। এ ছাড়া লুই পার্ট্রিজ ও হামিশ প্যাটেলকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। সব মিলিয়ে, আগামী জুলাইয়ে আবারও পর্দায় বুদ্ধি আর সাহসের নতুন এক রোমাঞ্চ নিয়ে হাজির হচ্ছে এনোলা।