নেটফ্লিক্সের শীর্ষ দশে বেন অ্যাফ্লেকের দ্য রিপ

বেন অ্যাফ্লেক ও ম্যাট ডেমন অভিনীত ‘দ্য রিপ’ বক্স অফিস কাঁপিয়ে এখন নেটফ্লিক্সের শীর্ষ তালিকায় অবস্থান করছে। জো কার্নাহান পরিচালিত আমেরিকান কপ-ইউনিভার্স এই সিনেমাটি ১৬ জানুয়ারি মুক্তি পায়। মু্ক্তির প্রথম তিন সপ্তাহেই নেটফ্লিক্সের শীর্ষ দশে উঠে এসেছে। গত সপ্তাহেই সিনেমাটির ভিউ হয় ৪১ দশমিক ৬ মিলিয়ন। যেভাবে এগিয়ে যাচ্ছে, খুব শিগগির শীর্ষ তিনে অবস্থান নেবে বলে ধারণা করছেন সিনেপ্রেমীরা।
অ্যাকশন থ্রিলার সিনেমা নির্মাণ করে জো কার্নাহান বিশ্বব্যাপী সমাদৃত। ২০২১ সালে ‘কপশপ’ দিয়ে রীতিমতো শোরগোল ফেলে দেন। সিনেমাটি বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সমালোচক মহলেও প্রশংসা কুড়ায়। এবার ম্যাট ডেমন ও বেন অ্যাফ্লেককে নিয়ে মাতাচ্ছেন সিনেপর্দা। ‘দ্য রিপে’ ম্যাট জেমন ও বেন অ্যাফ্লেক মিয়ামি-ডেড পুলিশ বিভাগের মাদকদ্রব্য ইউনিটের পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেন।
হঠাৎ করে নারকোটিক্স ডিপার্টমেন্টের একজন নারী অফিসার খুন হন। তবে খুন হওয়ার আগে সেই অফিসার একটি মেসেজ পাঠান তারই একজন সহকর্মীর কাছে। ওই মেসেজের রেশ ধরেই খুনিদের খোঁজার পাঁয়তারা করেন তার সহকর্মীরা। এ সময় সহকর্মীদের অনেকেই ধারণা করেন যে, ডিপার্টমেন্টেরই কেউ একজন এই খুনের পেছনে জড়িত। সন্দেহের তীর সবার দিকেই থাকে। সেই নারী অফিসারের খুনের পর একটি বাড়িতে রেইড দিতে গিয়ে হঠাৎ করেই বেরিয়ে আসে আসল তথ্য। ঘটনা মোড় নেয় অন্যদিকে। অবশেষে জট খোলে খুবই জটিল এক পরিস্থিতির।
‘দ্য রিপে’ আরও অভিনয় করেছেন স্টিভেন ইয়ুন, টেয়ানা টেলর, সাশা ক্যালে, ক্যাটালিনা স্যান্ডিনো মোরেনো, স্কট অ্যাডকিন্স এবং কাইল চ্যান্ডলার। এর আইএমডিবি রেটিং বর্তমানে ৬.৮। সিনেমাটির চিত্রনাট্য জো কার্নাহান নিজেই লিখেছেন। পরিচালক কার্নাহান এত সুন্দরভাবে ঘটনাবলি সাজিয়েছেন যে, সমালোচকরাও প্রশংসায় পঞ্চমুখ। দর্শকমহলেও প্রশংসিত হচ্ছে ‘দ্য রিপ’।