logo

দীপিকা কক্কড়ের স্বাস্থ্যের উন্নতি হলেও কাটেনি উদ্বেগ

দীপিকা কক্কড়ের স্বাস্থ্যের উন্নতি হলেও কাটেনি উদ্বেগ

ভারতীয় জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কড় কঠিন স্বাস্থ্য সমস্যার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। এক বছরের বেশি সময় ধরে ভুগছেন স্বাস্থ্যগত সমস্যায়। গত বছর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মুষড়ে পড়েন। পরে লিভার ক্যানসারের জন্য তার অস্ত্রোপচার হয়।

অস্ত্রোপচার ও থেরাপির মাধ্যমে ক্রমেই সুস্থ হয়ে উঠছিলেন তিনি। কিন্তু ফের তার যকৃতে একটি টিউমার ধরা পড়ে। সফল অস্ত্রোপচারের মাধ্যমে সেটি অপসারণ করা হয়। এর পরও অসুস্থতা পিছু ছাড়েনি দীপিকার। বেশ কিছুদিন পর অভিনেত্রীর স্বামী শোয়েব ইব্রাহিম তার অসুস্থতার সর্বশেষ খবর জানালেন। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ায় স্বস্তি পেলেও উদ্বেগ কমেনি তাদের।

ভারতীয় একটি গণমাধ্যমের বরাতে জানা যায়, দীপিকা ও শোয়েব নিজেদের ভ্লগে স্ত্রীর স্বাস্থ্যের আপডেট দিয়েছেন শোয়েব। এ সময় স্বস্তির সঙ্গে শোয়েব জানান, দীপিকার রক্ত পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক এসেছে। চিকিৎসার জন্য এটি ভালো লক্ষণ।

শোয়েব বলেন, ‘এখন আমাদের আবার চিকিৎসকের কাছে যেতে হবে এবং চিকিৎসার পরবর্তী ধাপ কী হবে তা জানতে হবে। কারণ, এটা দীর্ঘ লড়াই। রিপোর্ট স্বাভাবিক এলেও এখন এটাকে বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। চিকিৎসা চলতেই থাকবে। তবে এটা খুব ইতিবাচক যে, আমরা একটা ধাপ পার করতে পেরেছি।’

বর্তমানে দীপিকা তার খাবার ও জীবনযাপনের ব্যাপারে খুব কড়া নিয়ম মেনে চলছেন। শোয়েব এই নিয়মিত জীবনযাপনের জন্য সব সময় তার প্রশংসা করেন এবং উৎসাহ দেন।

ভালো খবরের মধ্যেও দীপিকা তার বর্তমান পরিস্থিতির জন্য বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি জানান, শোয়েব সব সময় তাকে সান্ত্বনা ও আশা জুগিয়েছেন এই বলে যে, সব ঠিক হয়ে যাবে।