logo

আল্লু-অ্যাটলির ‘রাকা’য় মুগ্ধ শাহরুখ

আল্লু-অ্যাটলির ‘রাকা’য় মুগ্ধ শাহরুখ

বলিউড বাদশা শাহরুখ খান আর অ্যাটলি জুটির ‘জওয়ান’ বক্স অফিসের অনেক রেকর্ড দুমড়েমুচড়ে দিয়েছিল। নাট্যকার, প্রযোজকের পাশাপাশি পরিচালক হিসেবে অ্যাটলি সবচেয়ে বেশি পরিচিত। অ্যাটলির পরবর্তী সিনেমার পোস্টার ফার্স্ট লুক দেখে এবার মুগ্ধতার কথা জানালেন শাহরুখ খান।

একের পর এক বক্স অফিস মাতানো সিনেমা উপহার দিয়েছেন অ্যাটলি। এবার আরেক চমক নিয়ে আসছেন তিনি। দক্ষিণী সুপারস্টার আল্লু আর্জুনের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের বিনোদিত করতে হাজির হচ্ছেন ‘রাকা’ নিয়ে।

‘পুষ্পা’ তারকা আল্লু আর্জুনের জন্মদিনে ৮ এপ্রিল প্রকাশ হয় ‘রাকা’-র ফার্স্ট লুক পোস্টার। পোস্টারেই ধামাকা চারদিকে। এর আকর্ষণীয় ও ভয়ংকর ফার্স্ট লুক দর্শকের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে আরও। সেই প্রত্যাশার পালে হাওয়া দিলেন শাহরুখ খান। ‘রাকা’-র আকর্ষণীয় ফার্স্ট লুক পোস্টার নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বলি-বাদশা।

সামাজিকমাধ্যম এক্স-এ পোস্টারটি শেয়ার করে শাহরুখ লেখেন, ‘শুভ জন্মদিন আল্লু আর্জুন। পোস্টারটি আপনার মতোই আকর্ষণীয় এবং অসাধারণ। আপনারা কী তৈরি করেছেন, তা দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। এই অভিজ্ঞতা হবে—অ্যাটলির ভাষায়—মাস মাস মাসস!! #রাকা খুব উত্তেজনাপূর্ণ লাগছে, শুভকামনা!’

বলিউড বাদশার পোস্ট দেখে আপ্লুত অ্যাটলি উত্তর দেন, ‘ভালোবাসি স্যার। আপনাকে আরও গর্বিত করব স্যার।’

‘রাকা’র টাইটেল পোস্টারে উগ্র চেহারার আল্লু অর্জুনের একটি ক্লোজ-আপ শট রয়েছে, যা একটি লোমশ পশুর স্পষ্ট নখরযুক্ত থাবার আড়ালে আংশিকভাবে ঢাকা। আল্লু অর্জুনের তীক্ষ্ণ চোখ এবং ন্যাড়া মাথা তার চরিত্রটিকে ঘিরে একটি রহস্যময় আবহ তৈরি করেছে। আল্লু অর্জুনের সঙ্গে দীপিকা পাডুকোনের জুটি দর্শক মাতাবে নিশ্চিত। সিনেমাটি ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।