logo

‘কিল’ পরিচালকের সঙ্গে জুটি বাঁধলেন সানি দেওল

‘কিল’ পরিচালকের সঙ্গে জুটি বাঁধলেন সানি দেওল

বলিউডের সাড়া জাগানো সিনেমা ‘কিল’-এর পরিচালক নিখিল নাগেশ ভাটের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সানি দেওল। ২০২৩ সালে চলন্ত ট্রেনে ৪০ ডাকাত আর দুই কমান্ডোর অ্যাকশন নিয়ে নির্মিত ‘কিল’ বক্স অফিসে আলোড়ন তোলে। নিখিল নাগেশ ভাট এবার আরও বড় ধরনের অ্যাকশন এবং শিহরন জাগানো দৃশ্যে পরিপূর্ণ সিনেমার জন্য জুটি বেঁধেছেন বলিউড পাঞ্চ-কিং সানি দেওলের সঙ্গে। এই জুটি একটি ধুন্ধুমার অ্যাকশন-প্যাকড সিনেমা উপহার দিতে যাচ্ছে।

সম্প্রতি ৬৮ বছর বয়সি সানি দেওল বক্স অফিসে এমন এক সাফল্য অর্জন করেছেন, যা দেখে চক্ষু চড়কগাছ সমালোচকদের। ‘বর্ডার ২’ ও ‘জাত’ দিয়ে সম্প্রতি আলোচনার শীর্ষে উঠে আসেন বলিউড তারকা সানি দেওল। ‘বর্ডার ২’-এ দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে তিনি নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করেছেন। ছবিটি ব্যাপক সাফল্য পেয়েছে, বক্স অফিসেও ৩০০ কোটি রুপির মতো আয় করেছে।

পিঙ্কভিলা সূত্রে জানা যায়, পরিচালক নিখিল নাগেশ ভাট সানি দেওলের সঙ্গে একটি উচ্চ-অকটেন অ্যাকশন থ্রিলার নির্মাণের পরিকল্পনা করেছেন। এ ধরনের সিনেমার জন্য সানি দেওলেই আদর্শ বলে জানান নাগেশ ভাট। এখনো সিনেমাটির নাম উন্মোচন হয়নি। নির্মাতারা প্রকল্পের বিস্তারিত তথ্য গোপন রেখেছেন। তবে ছবির সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে, এটির শুটিং ২০২৬ সালের মাঝামাঝি শুরু হবে।

সিনেমাটি বড় ধরনের অ্যাকশন এবং শিহরন জাগানো দৃশ্যে পরিপূর্ণ থাকবে। এতে সানিকে দর্শকরা নতুন অবতারে দেখতে পাবেন বলে সংশ্লিষ্টরা জানান। কয়েক দশকের ক্যারিয়ারে সানি দেওল বেশ কিছু জনপ্রিয় অ্যাকশন সিনেমা উপহার দিয়েছেন। যেসব ছবি এখনো মানুষের মনে দাগ কেটে আছে। এবার সানি নিজেও অ্যাকশনের নতুন জগৎ অন্বেষণ করতে রোমাঞ্চিত হয়ে অপেক্ষা করছেন। 

নাগেশ ভাটের স্কিল এবং সানি দেওলের তারকাশক্তির এই প্রজেক্ট আগামী বছরের সবচেয়ে প্রত্যাশিত অ্যাকশন ছবিগুলোর মধ্যে একটি হবে।