হুমা কুরেশির প্রেমের গুঞ্জনে নতুন হাওয়া

বলিউড অভিনেত্রী হুমা কুরেশিকে নিয়ে বেশ কিছু দিন জল্পনা চলছিল। ভারতীয় অভিনেতা ও অভিনয় প্রশিক্ষক রাচিত সিংয়ের সঙ্গে প্রেমের সেই গুঞ্জন এবার সত্যি হলো। ‘গ্যাংস অব ওয়াসেপুর’ অভিনেত্রী নিজেই সামাজিকমাধ্যমে রাচিতকে প্রকাশ্যে এনে পরিচয় করিয়ে দেন।
হুমা কুরেশি সম্প্রতি ইনস্টাগ্রামে রাচিত সিংকে নিয়ে দীর্ঘ একটি পোস্ট দেন। সেখানে বলিউড অভিনেত্রী রাচিতের সংগ্রাম, ধৈর্য ও অভিনয়জগতের দীর্ঘ পথচলার প্রশংসা করেন।
পোস্টে রাচিতের স্বপ্নযাত্রার শুরুদিকের কথা উল্লেখ করে হুমা লেখেন, বানারসের ছোট শহর থেকে মুম্বাইয়ে এসে হাজারো স্বপ্নবাজ তরুণের মতোই পথচলা শুরু করেছিলেন রাচিত। কিন্তু দ্রুত সাফল্য না এলেও তিনি কখনও হাল ছাড়েননি; বরং নিজেকে গড়ে তুলেছেন ধীরে ধীরে।
হুমা আরও জানান, এক দশকেরও বেশি সময় ধরে রাচিত পর্দার আড়ালে থেকে অন্য অভিনেতাদের প্রশিক্ষণ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন এবং তাদের সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নিজের সময়ের অপেক্ষায় থেকেও তিনি কাজ করে গেছেন নিরলসভাবে।পোস্টের শেষে রাচিতের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার প্রশংসা করে তাকে আলোয় আসার জন্য শুভেচ্ছা জানান হুমা। সূত্র: আনন্দবাজার
হুমার সেই পোস্টে রাচিতের মন্তব্যই বেশি আলোচনার জন্ম দিয়েছে। জবাবে রাচিত লেখেন, ‘ধন্যবাদ হুমি, আমাকে এভাবে ‘হার্ড-লঞ্চ’ করার জন্য! হাহাহা।’ এরপর হুমাকে নিজের সবচেয়ে বড় সমর্থক বলে উল্লেখ করেন তিনি। এমনকি একসঙ্গে এই যাত্রা তার জীবনকে সুন্দরভাবে বদলে দিয়েছে বলেও জানান।
এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা। যদিও হুমা বা রাচিত কেউই আনুষ্ঠানিকভাবে সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি, তবু কয়েক মাস ধরেই তাদের প্রেম নিয়ে জোর গুঞ্জন চলছে।
হুমা কুরেশি ও রচিত সিংকে শিগগির রহস্য-থ্রিলার চলচ্চিত্র ‘বেবি ডু ডাই ডু’-তে একসঙ্গে দেখা যাবে। ভক্তদের একাংশের মতে, এই পোস্টের মাধ্যমে হুমা তাঁর আলোচিত প্রেমিক রচিতের সঙ্গে সম্পর্কের সিলমোহর দিলেন।
