সন্তানকে রেখে কাজে ফেরায় অপরাধবোধে ভুগেছেন পরিণীতি

গত বছর পুত্রসন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। সন্তানের জন্ম একজন নারীর জীবন কীভাবে বদলে দেয় এবং ছোট্ট শিশুকে রেখে কাজে ফেরার কঠিন সংগ্রামের গল্প এবার সামনে আনলেন তিনি।
সাম্প্রতিক সময়ে অনেক তারকাই মাতৃত্বের চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা কথা বলছেন, সেই পথেই নিজের অনুভূতির কথা জানালেন এই অভিনেত্রী।
সন্তান জন্মের পর দীর্ঘদিন কাজ থেকে বিরতিতে ছিলেন পরিণীতি। তবে কাজে ফেরার সময় অপরাধবোধে ভুগছিলেন তিনি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এখনও আমার মনে আছে, প্রথমবার সন্তানকে ঘরে রেখে কাজে যাওয়ার ঘটনা। সন্তান জন্মের পর অনেক মাস ধরে আমি দিন-রাত ওর সঙ্গে বাড়িতেই ছিলাম। প্রথমবার যখন ওকে রেখে বের হলাম, মুম্বাই যাওয়ার জন্য ফ্লাইট নিলাম। কিন্তু ওই সফরের তেমন কিচ্ছু মনে নেই। কারণ, আমি তিন ঘণ্টা ধরে শুধু কেঁদেছিলাম।’
সেসময় নিজেকে অসহায় আর অপরাধী লাগছিল জানিয়ে পরিণীতি বলেন, ‘মনে হয়েছিল, আমি আর কখনো কাজ করতে পারব না। আর কিছুই করতে পারব না। এটা অপরাধবোধ নয়। সন্তানকে রেখে যাওয়ার সময় যে শারীরিকভাবে অসহনীয় যন্ত্রণা অনুভব হয়, সেটাই।’
অভিনেত্রীর মতে, মায়েদের মনের এমন অনুভূতির পেছনে যেমন রয়েছে জৈবিক কারণ, তেমনই জড়িয়ে রয়েছে সামাজিক বাস্তবতাও।
২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর ভালোবেসে রাজনীতিক রাঘব চাড্ডাকে বিয়ে করেন পরিণীতি চোপড়া। গত বছরের ১৯ অক্টোবর এই দম্পতির ঘরে আসে প্রথম পুত্রসন্তান। সন্তান জন্মের পর চলতি ২৪ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’ দিয়ে আবারও অভিনয় জগতে ফেরেন তিনি।