logo

তেলুগু ছবিতে বয়স্ক অভিনেতার সঙ্গে প্রেমের তিক্ততার কথা জানালেন রাধিকা

হিন্দুস্তান টাইমস
হিন্দুস্তান টাইমস
তেলুগু ছবিতে বয়স্ক অভিনেতার সঙ্গে প্রেমের তিক্ততার কথা জানালেন রাধিকা
রাধিকা আপ্তে। ছবি: ভারতীয় গণমাধ্যম থেকে

অভিনয় করতে গিয়ে পর্দায় এমন কিছু চরিত্রে কাজ করতে হয়, যা ব্যক্তিগতভাবে অভিনেতাদের কাছে অস্বস্তিকর হয়ে ওঠে। কখনো গল্পের প্রয়োজনে, কখনো আবার নির্মাতাদের সিদ্ধান্তে চরিত্রের নানা বিষয় মেনে নিতে হয় তাঁদের। তেমনই এক তিক্ত অভিজ্ঞতার কথা সম্প্রতি প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। একটি তেলুগু ছবিতে অভিনয়ের সময় গল্পের বিষয়বস্তু থেকে শুরু করে কাজের পরিবেশ- কোনোটিই ভালো লাগেনি তাঁর।

সম্প্রতি অভিনেত্রী কীর্তি সুরেশের সঙ্গে একটি সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের কঠিন অভিজ্ঞতা নিয়ে কথা বলেন রাধিকা। সেখানে তিনি জানান, একটি তেলুগু ছবিতে তাঁর চরিত্রের বিয়ে হয়েছিল মামার সঙ্গে। এমন গল্পে অভিনয় করাটা তাঁর জন্য বেশ কঠিন ছিল। রাধিকা বলেন, ‘একটি তেলুগু ছবিতে অভিনয় করেছিলাম, যেখানে আমার চরিত্রকে নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল। এটি ছিল আমার জন্য সবচেয়ে কঠিন কাজ। ছবিটির সবকিছুই আমার অপছন্দ ছিল।’

সাক্ষাৎকারে উপস্থিত কীর্তি সুরেশ বিষয়টি ব্যাখ্যা করে জানান, তামিল ও তেলুগু সংস্কৃতিতে আত্মীয়ের মধ্যে বিয়ের এমন প্রচলন রয়েছে। তবে শুধু গল্পের বিষয়বস্তু নয়, সহশিল্পীর বয়সের ব্যবধান এবং ছবির পরিবেশও অস্বস্তিতে ফেলেছিল রাধিকাকে।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমাকে নিজের চেয়ে অনেক বেশি বয়সী একজন অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করতে হয়েছিল। পুরো পরিস্থিতি ও পরিবেশ ছিল ভীষণ পুরুষতান্ত্রিক। আমার কাছে সবচেয়ে কঠিন ছিল সেটিই। এমনকি ছবির মাঝপথেই আমার চরিত্রের মৃত্যু হয়। এরপর ওই অভিনেতাকে আমাকে কাঁধে তুলে নিয়ে অ্যাকশনের দৃশ্যে অংশ নিতে হয়েছিল।’

রাধিকা ছবিটির নাম উল্লেখ না করলেও তাঁর বর্ণনার সূত্র ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘লেজেন্ড’ ছবিটির কথা বলছেন। বয়াপতি শ্রীনুর পরিচালনায় নির্মিত তেলুগু ছবিটিতে রাধিকার বিপরীতে অভিনয় করেছিলেন নন্দমুরি বালকৃষ্ণ। মুক্তির সময় বালকৃষ্ণের বয়স ছিল ৫৪ বছর, আর রাধিকার ২৯।

তবে ছবিটির গল্পের একটি বিষয় নিয়ে ব্যাখ্যাও সামনে এসেছে। ‘লেজেন্ড’-এ রাধিকার চরিত্র মামাকে নয়, বরং মামার ছেলেকে বিয়ে করে। দক্ষিণ ভারতের কিছু সম্প্রদায়ের মধ্যে এ ধরনের আত্মীয়ের মধ্যে বিয়ের প্রচলন রয়েছে। ফলে রাধিকার বক্তব্যের সঙ্গে ছবিটির মিল খুঁজে পেলেও তিনি নিজে এখনো সিনেমাটির নাম নিশ্চিত করেননি।

এদিকে তাঁর মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। বিশেষ করে বালকৃষ্ণের অনুরাগীদের একাংশ অভিনেত্রীর বক্তব্যের বিরোধিতা করছেন। তাঁদের প্রশ্ন, ছবির গল্প কিংবা সহশিল্পীর বয়স নিয়ে আপত্তি থাকলে চুক্তিবদ্ধ হওয়ার আগেই কেন বিষয়টি নিয়ে কথা বলেননি তিনি?

একজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ছবিটি যদি ‘লেজেন্ড’ হয়ে থাকে, তাহলে চিত্রনাট্য কিংবা নায়কের বয়স নিয়ে আপত্তি থাকলে কাজ শুরুর আগেই তা জানানো উচিত ছিল। অন্য একজন রাধিকার আগের কাজের প্রসঙ্গ টেনে তাঁর বক্তব্যের সমালোচনা করেছেন।

উল্লেখ্য, তেলুগু ছবিতে রাধিকার অভিষেক হয় ২০১০ সালে রাম গোপাল ভার্মার ‘রক্তচরিত্র’ দিয়ে। এরপর ২০১২ সালে ‘ধোনি’, ২০১৪ সালে ‘লেজেন্ড’ এবং ২০১৫ সালে ‘লায়ন’ ছবিতে অভিনয় করেন তিনি। ‘লায়ন’-এও নন্দমুরি বালকৃষ্ণের সঙ্গে জুটি বেঁধেছিলেন এই অভিনেত্রী।

সূত্র: হিন্দুস্তান টাইমস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভি।