logo

আফটার দ্য সাইলেন্সের বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

আফটার দ্য সাইলেন্সের বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

অনলাইন চলচ্চিত্র প্ল্যাটফর্ম সিনেমাতা’র আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘আফটার দ্য সাইলেন্স’ শীর্ষক বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী। গত ২০ এপ্রিল অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে এ আয়োজন সম্পন্ন হয়।

প্রদর্শনীতে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত ও বাংলাদেশের মোট ১২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ডকুমেন্টারি দেখানো হয়। এসব চলচ্চিত্রে জেন্ডারভিত্তিক সহিংসতার বিভিন্ন দিক ও বাস্তবতা তুলে ধরা হয়েছে।

আফটার দ্য সাইলেন্স ফিল্ম প্রোগ্রামের কিউরেটর ফারহানা ফারহা জানান, নারীর প্রতি সহিংসতা কোনো নির্দিষ্ট ভূগোল বা সীমারেখায় সীমাবদ্ধ নয়, বরং বিশ্বজুড়ে এটি নানা রূপে বিদ্যমান। তিনি উল্লেখ করেন, শুধু নারী নয়—হিজরা, ট্রান্স উইমেন এবং শিশুরাও এই সহিংসতার শিকার হচ্ছে। এই বাস্তবতার বিরুদ্ধে ১২টি চলচ্চিত্রকে তিনি ‘১২টি প্রতিরোধী কণ্ঠস্বর’ হিসেবে অভিহিত করেন। এ ছাড়া নীরবতা ভাঙার আহ্বান থেকেই প্রোগ্রামের নাম রাখা হয়েছে আফটার দ্য সাইলেন্স।

অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ শাহজাদা আল করিম এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত।

অতিথিরা এ ধরনের থিমভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর প্রশংসা করেন এবং তরুণ নির্মাতাদের সঙ্গে চলচ্চিত্রের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।