logo

‘প্যাট্রিয়ট’-এর জমকালো ট্রেলারে মামুত্তি-মোহনলাল ম্যাজিক

‘প্যাট্রিয়ট’-এর জমকালো ট্রেলারে মামুত্তি-মোহনলাল ম্যাজিক

‘আমি না পুলিশ না টেররিস্ট, আমি হলাম প্যাট্রিয়ট’—এভাবেই দেশভক্তির এক চেতনা দেখা যায় 'প্যাট্রিয়ট'-এর ট্রেলারে। মালায়ালাম সিনেমার দুই কিংবদন্তি মামুত্তি ও মোহনলাল একসঙ্গে পর্দায়। এর চেয়ে বড় আর কী হতে পারে। দীর্ঘ ১৬ বছর পর মহেশ নারায়ণনের 'প্যাট্রিয়ট' দিয়ে তারা মাতাবেন দর্শকহৃদয়। গত শনিবার সিনেমাটির সম্পূর্ণ ট্রেলার প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা অ্যান্টো জোসেফ প্রোডাকশনস। ট্রেলার আসার পর থেকেই মোহনলাল-মামুত্তির অ্যাকশন নিয়ে চলছে হুলুস্থুল। 

মহেশ নারায়ণন পরিচালিত আসন্ন স্পাই থ্রিলারটি আগামী ১ মে দর্শকরা বড় পর্দায় উপভোগ করতে পারবেন। প্রকাশ হওয়া ৩ মিনিট ৩২ সেকেন্ডের ট্রেলারে সিনেমার কাহিনি সম্পর্কে বেশ ভালো ধারণা পাওয়া যায়। অফিসিয়াল ট্রেলারে মোহনলালকে একটি গোপন মিশনে মামুত্তিকে সাহায্য করতে দেখা যাবে।

শক্তি সলিউশনস নামের একটি কোম্পানিতে মামুত্তি ও কুঞ্চাকো বোবান কাজ করেন। সেখানে সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাঘাত ঘটানো ও নানা অসংগতিতে তারা বিদ্রোহী হয়ে ওঠেন। ‘সমাজ সেবা’ নামের একটি সফটওয়্যার ঘিরেই আবর্তিত ঘটনাপ্রবাহ।

‘প্যাট্রিয়ট’ ট্রেলারটি শুরু হয় নয়নতারার চরিত্রকে দিয়ে। এক তরুণীকে কোনো এক অসংগতির বিরুদ্ধে স্বীকারোক্তি দিতে উৎসাহিত করেন, যারা তাকে ক্রুশবিদ্ধ করে। এভাবে দেখা যায় সেই সফটওয়্যারটি সমাজে নানা বিশৃঙ্খলা সৃষ্টি করে সাধারণের জীবনে নামিয়ে আনে এক দুঃসহ যন্ত্রণা। এর প্রতিবাদে বিদ্রোহী হয়ে ওঠেন মামুত্তি। বন্ধুকে বিপদ থেকে উদ্ধারে এগিয়ে আসেন সৈনিক মোহনলাল। শক্তি সলিউশনসের প্রতিনিধি ফাহাদ ফাসিলকেই মনে হয়েছে নাটের গুরু। এভাবেই গড়ায় সিনেমার কাহিনি। 

‘প্যাট্রিয়ট’-এর ট্রেলারে বলা হয়, এটি ‘ভিন্নমতাবলম্বীদের জীবন থেকে অনুপ্রাণিত’। সিনেমাটির কলাকুশলীদের মধ্যে রয়েছেন দর্শনা রাজেন্দ্রন, জারিন শিহাব, গ্রেস অ্যান্টনি ও গীতি সঙ্গীতা। ‘সি ইউ সুন’-এর পর এই সিনেমার মাধ্যমে মহেশ নারায়ণন প্রযুক্তির বিপদকে কেন্দ্র করে নির্মিত একটি গল্পে ফিরে এসেছেন।

দীর্ঘদিন পর মোহনলাল-মামুত্তি জুটির ঝলক দেখা গেছে। সঙ্গে লেডি সুপারস্টার নয়নতারা ও খল-চরিত্রে ফাহাদ ফাসিল। সত্যি বলতে কি, বোঝা যাচ্ছেই প্রজেক্টটা হতে যাচ্ছে বিশাল স্কেলের।