সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে রাহাত সাইফুল নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত এই নির্বাচনে আবদুর রহমান ৫৭ ভোটের ব্যবধানে এবং রাহাত সাইফুল ৯২ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।
নির্বাচনে মোট ৫২৫ জন ভোটারের মধ্যে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত (মাঝে ১ ঘণ্টা জুমার বিরতিসহ) ভোট গ্রহণ চলে। এবারের নির্বাচনে ‘আবদুর রহমান-রাহাত সাইফুল’ এবং ‘কামরুল হাসান দর্পণ-আহমেদ তেপান্তর’—এই দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এরফানুল হক নাহিদ।
সভাপতি পদে ২৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আবদুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল হাসান দর্পণ পেয়েছেন ১৮৯ ভোট এবং অপর প্রার্থী কাজী ফারুক বাবুল পেয়েছেন ৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৪৬ ভোট পেয়ে এবারের নির্বাচনে সর্বোচ্চ ৯২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন রাহাত সাইফুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহমেদ তেপান্তর পেয়েছেন ১৫৪ ভোট এবং অঞ্জন রহমান পেয়েছেন ৩৬ ভোট।
সম্পাদকীয় পদগুলোর মধ্যে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে। ২২৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন তৌফিক অপু; তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুর ইসলাম লিটনকে (২০৭ ভোট) মাত্র ১৯ ভোটে পরাজিত করেছেন।
অন্যান্য সম্পাদকীয় পদে বিজয়ীরা হলেন সহসভাপতি (২টি পদ): রিমন মাহমুদ (২৬১ ভোট) ও হামিদ মোহাম্মদ জসিম (২২৯ ভোট)। এ পদে পরাজিত প্রার্থীরা হলেন আঞ্জুমান আরা শিল্পী (১৯৯ ভোট) ও সাহাবুদ্দিন মজুমদার (১১১ ভোট)। সহসাধারণ সম্পাদক: আবু হুরায়রা মুরাদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)। অর্থ সম্পাদক: সৈয়দা ফারজানা জামান রুম্পা (২৫৬ ভোট)। সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক: ইশরাত জাহান স্বর্ণা (২৪৭ ভোট)। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক: পান্থ আফজাল (২৪১ ভোট)। আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক: আনিসুল হক রাসেল (২৩১ ভোট)। সাংগঠনিক সম্পাদক: রুহুল আমিন ভূঁইয়া (২২৬ ভোট)। প্রচার ও প্রকাশনা সম্পাদক: তৌফিক অপু (২২৬ ভোট)। দপ্তর সম্পাদক: মহিব আল হাসান (২২৬ ভোট)।
কার্যনির্বাহী সদস্য (৯টি পদ) নির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ২৬৮ ভোট পেয়ে প্রথম হয়েছেন শফিকুল আলম মিলন। নির্বাচিত বাকি আটজন হলেন—সুকন্যা আমির (২৬২ ভোট), রুহুল সাখাওয়াত (২৪৯ ভোট), রাজু আলীম (২৩৫ ভোট), অরণ্য শোয়েব (২১৮ ভোট), সালাম মাহমুদ (২১৬ ভোট), শাকিল হোসেন (২০১ ভোট), হাফিজ রহমান (১৯৩ ভোট) এবং সালাম ফারুক (১৯০ ভোট)।
কার্যনির্বাহী সদস্য পদের নবম বা শেষ আসনটি নিয়ে সবচেয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। ১৯০ ভোট পেয়ে শেষ সদস্য হিসেবে নির্বাচিত হন সালাম ফারুক। মাত্র ২ ভোট কম পেয়ে (১৮৮ ভোট) বাদ পড়েন আফসানা খানম।
এ ছাড়া নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য প্রার্থীদের মধ্যে মো. মাজহার বাবু ১৮২, দীপংকর দীপক ১৭৫, হাবিবুর রহমান ১৬৮, লুৎফর রহমান খান ১৬৫, মো. মনিরুজ্জামান (অপূর্ব) ১৪৫, আল আমিন সেলিম ১৩৮, সুমন চৌধুরী ১৩৮, আল এহসান ১২৭, খান আক্তার হোসেন ৫৪ এবং তাজ উদ্দিন আহমেদ ৪৯ ভোট পেয়েছেন।
