সালমান খানের প্রথম

‘সুপারহিরো’ হচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। খবরটি শুনেই ভক্তদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস। প্রায় তিন যুগের বেশি সময়ের ক্যারিয়ারে রোমান্স, অ্যাকশন, কমেডি, অ্যাবনরমাল সব চরিত্রেই দেখা গেছে তাকে। এবার বলিউড ভাইজানকে প্রথমবারের মতো দেখা যাবে ‘সুপারহিরো’র ভূমিকায়। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আগামী মাসেই চূড়ান্ত হবে সিনেমাটির চিত্রনাট্য।
সাম্প্রতিক সময়ে বক্স অফিসে বারবার ব্যর্থতার মুখোমুখি হন একষট্টি বছরের চিরযুবা সালমান খান। পাশাপাশি বাবা বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খান আছেন হাসপাতালের আইসিইউতে। সব মিলিয়ে বলিউড টাইগার কিছুটা বিধ্বস্ত।
বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুসারে, সালমান খান তিন মাস ধরে চলচ্চিত্র নির্মাতা জুটি রাজ নিদিমোরু ও কৃষ্ণা ডিকের সঙ্গে আলোচনা করছেন। সুপারহিরো চরিত্র নিয়ে তারা এর আগেও কাজ করেছেন। এই জুটি সালমানকে নিয়ে একটি অদ্ভুত সুপারহিরো ছবি নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছেন। রিল লাইফ এন্টারটেইনমেন্টের সহযোগিতায় মিথ্রি মুভি মেকার্স এই প্রকল্পটিতে অর্থায়ন করবে।
সালমান খানকে একজন সুপারহিরোর চরিত্রে দেখা যাবে, যিনি তার কেপ ঝুলিয়ে পৃথিবীকে বাঁচানোর কাজ থেকে অবসর নিতে চান। তবুও পরিস্থিতি তাকে শান্তিতে থাকতে দেয় না এবং বারবার তাকে সংঘাতের দিকে ঠেলে দেয়। গল্পটিতে সুপারহিরো বিটের সঙ্গে বিস্তৃত কমেডির মিশ্রণ রয়েছে।
বিশেষ করে বড় বাজেটের সিনেমাগুলো ফ্লপ করায় সালমান নতুন ধারার গল্প খুঁজছিলেন। তাই তিনি নতুন কোনো আকর্ষণীয় চরিত্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। এরই প্রেক্ষাপটে সালমান খান সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনাট্য ও চরিত্র শক্তিশালী হলে করবেন ‘সুপারহিরো’ চরিত্র। জানা গেছে, সালমানের পর্দার ব্যক্তিত্ব এবং চরিত্রের বৈশিষ্ট্য মাথায় রেখে রাজ ও ডিকে চিত্রনাট্য তৈরির কাজ করছেন।