একসময় খুব বোকা ছিলেন কাজল

বলিউড অভিনেত্রী কাজল এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরে জানিয়েছেন, একসময় তিনি নিজেকে বেশ ‘বোকা’ মনে করতেন। অনেক সময় না বুঝেই বিভিন্ন সিদ্ধান্ত নিতেন বলেও স্বীকার করেছেন তিনি। একই সঙ্গে জানান, স্বভাবে তিনি বেশ জেদিও ছিলেন। খবর: দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া
সম্প্রতি তাকে দেখা গেছে ‘মা’ সিনেমায়। আবার কবে বড় পর্দায় ফিরবেন—এই প্রশ্নের উত্তরে কাজল জানান, এরই মধ্যে তিনি বেশ কয়েকটি চিত্রনাট্য শুনেছেন। এমনকি দু-তিনটি নতুন ছবির কাজও শুরু করেছেন। তবে এ মুহূর্তে নির্দিষ্ট করে কোনো প্রকল্পের নাম প্রকাশ করতে চাননি।

কাজলের কথায়, তিনি সব সময় ভেবেচিন্তে কাজ বেছে নিতে পছন্দ করেন এবং স্বাচ্ছন্দ্য বোধ করেন নিজের পছন্দের গল্পে অভিনয় করতে। কোনো ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে প্রথমেই তিনি চিত্রনাট্য দেখেন। তবে শুধু গল্প নয়, সহশিল্পী ও টিমের মানুষদের বিষয়টিও তার কাছে সমান গুরুত্বপূর্ণ।

অভিনেত্রীর মতে, শুটিং সেটে দীর্ঘ সময় একসঙ্গে কাজ করতে হয়। তাই যাদের সঙ্গে কাজ করবেন, তাদের সঙ্গে সহজে কথা বলা এবং একটি ভালো সম্পর্ক তৈরি হওয়াটা জরুরি। কাজল মনে করেন, শুটিং সেটে প্রায় ৫০ দিন একসঙ্গে থাকতে হয়। যদি সেই মানুষগুলোকে ভালো না লাগে, তবে সেই ৫০ দিনই ৫০০ দিনের মতো মনে হবে।

অভিনয় জীবনের শুরুতেই ‘গুপ্ত’ ছবিতে খলনায়িকার চরিত্রে অভিনয় করে নজর কাড়েন কাজল। ক্যারিয়ারের মধ্যগগনে এসে কিছু সময়ের জন্য অভিনয় থেকে বিরতিও নেন তিনি। সেই সিদ্ধান্তের প্রসঙ্গে কাজল বলেন, ‘তখন হয়তো তিনি খুব জেদি এবং কিছুটা বোকাও ছিলেন। তবে শেষ পর্যন্ত তার নেওয়া সিদ্ধান্তই সঠিক প্রমাণিত হয়েছে বলে মনে করেন তিনি।’