তখন সত্যিই মনে হয়, আমি ভীষণ ভাগ্যবতী: ভাবনা

প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের কালজয়ী উন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা যাপিত জীবনে ‘আনজুম’ চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। মুক্তির প্রথম দিনেই সেই চরিত্রের স্রষ্টার কাছ থেকে অভিনয়ের প্রশংসা পেয়েছেন এই অভিনেত্রী। এই প্রপ্তি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন তিনি, জানিয়েছেন নিজের অনুভূতি। কিংবদন্তি এই লেখকের কাছ থেকে পাওয়া অভিনয়ের প্রশংসাকে জীবনের অন্যতম সেরা অর্জন হিসেবে দেখছেন এই অভিনেত্রী।

ভাবনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের উচ্ছ্বাস ও আবেগঘন অনুভূতি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘যাপিত জীবনের প্রথম দিন, সেলিনা আন্টির সঙ্গে আমি। সেলিনা হোসেন—এই উপন্যাসের স্রষ্টা, আনজুম চরিত্রের স্রষ্টা। যিনি তার কলমে আনজুমকে সৃষ্টি করেছেন, আর সেই সৃষ্ট আনজুমকে বড় পর্দায়, তারই আনজুম হয়ে আপনাদের সামনে এসেছি আমি।’
সেলিনা হোসেনের মতো বরেণ্য সাহিত্যিকের সান্নিধ্য ও প্রশংসা পেয়ে নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে কর ভাবনা আরও লেখেন, ‘সেলিনা হোসেন বাংলাদেশের সাহিত্যের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শ্রদ্ধেয় নাম। তার মতো একজন গুণী, কিংবদন্তি কথাসাহিত্যিক যখন আমাকে ভালোবাসেন, কাছে টেনে নেন, আমার অভিনয়ের প্রশংসা করেন—তখন সত্যিই মনে হয়, আমি ভীষণ ভাগ্যবতী। এই ছোট্ট জীবনে এত গুণী মানুষের ভালোবাসা পাওয়া আমার জন্য অনেক বড় সৌভাগ্য।’

পাশে বসে অভিনয়ের প্রশংসা করার মুহূর্তটি ভাবনার কাছে যে কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতির চেয়েও দামি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘সেলিনা আন্টি যখন আমার পাশে বসে আমার অভিনয়ের প্রশংসা করেন, আমাকে আদর করেন, তখন মনে হয়—একজন অভিনেত্রী হিসেবে এর চেয়ে বড় পুরস্কার, বড় প্রাপ্তি আর কী হতে পারে! কোনো অ্যাওয়ার্ডের চেয়েও এই ভালোবাসা আমার কাছে অনেক বেশি মূল্যবান।’
সবশেষে দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়ে ভাবনা আশাবাদ ব্যক্ত করে লেখেন, ‘যাপিত জীবন এখন চলছে আপনাদের পাশের প্রেক্ষাগৃহে। ছবিটি দেখলে আপনারা হতাশ হবেন না, এইটুকু বিশ্বাস নিয়ে বলতে পারি।’

দেশভাগ ও ভাষা আন্দোলনের পটভূমিতে একটি পরিবারের জীবন, সংকট ও সময়ের নানা বাস্তবতা নিয়ে নির্মিত হয়েছে ‘যাপিত জীবন’। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন হাবিবুর রহমান। এতে ভাবনার পাশাপাশি আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, গাজী রাকায়েত, ডলি জহুর, আজাদ আবুল কালাম, ইমতিয়াজ বর্ষণ, মৌসুমী হামিদ প্রমুখ।

