স্বপ্নছোঁয়ার পথে কন্নড়কন্যা রুক্মিণী বসন্ত

কন্নড় অভিনেত্রী রুক্মিণী বসন্তের ক্যারিয়ারে বইছে বসন্তের বাতাস। দুটি বড় বাজেটের সিনেমার মাধ্যমে নিজেকে নুতন করে দর্শকের কাছে হাজির করতে চলেছেন তিনি। আর এ দুটি সিনেমায় বড় সাফল্যের পথে রুক্মিণী। ধীরে ধীরে দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। দর্শকহৃদয় জয় করে নিজের স্বপ্নছোঁয়ার পথে কন্নড়কন্যা রুক্মিণী বসন্ত।
সৌন্দর্য আর সাবলীল অভিনয় দিয়ে এরই মধ্যে অনেক দর্শকের মন জয় করে নিয়েছেন রুক্মিণী বসন্ত। মূলত কন্নড়ের অভিনেত্রী হলেও তামিল ও তেলেগু সিনেমায়ও শক্তিশালী পদক্ষেপ রেখেছেন। প্রথম তেলেগু দর্শকদের মুগ্ধ করেন ‘সপ্ত সাগরদাচে এল্লো’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। এরপর কয়েকটি মাঝারি বাজেটের সিনেমায় কাজ করেন। তবে বক্স অফিসে ঝড় তোলা ‘কান্তারা চ্যাপ্টার ১’ দিয়ে সবার মনোযোগ আকর্ষণ করেন।
বর্তমানে, রুক্মিণী কয়েকটি বড় বাজেটের ছবিতে কাজ করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘রকি ভাই’ যশের বিপরীতে ‘টক্সিক’। একই সঙ্গে তিনি জুনিয়র এনটিআরের ‘ড্রাগন’ মুভিতেও প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন। দুটি সিনেমাই বড় বাজেটের, এবং দর্শক মাতাবে বলেই ধারণা করছেন সবাই। আর যদি বড় বাজেটের প্রকল্প দুটি সফল হয়, তবে রুক্মিণীর ক্যারিয়ার একটি অনন্য উচ্চতায় পৌঁছে যাবে।
কয়েক বছর আগেও আঞ্চলিক ছবির ভেতরে সীমিত ছিল যার পরিচিতি ছিল, তিনিই আজ হয়ে উঠেছেন সিনেমাপ্রেমীদের কৌতূহলের কেন্দ্রবিন্দু। এমনকি জুনিয়র এনটিআরের 'ড্রাগন' সিনেমায় অভিনয়ের জন্য ধানুশের সঙ্গে পূর্বপরিকল্পিত একটি সিনেমা প্রত্যাখ্যান করেন।
২০১৯ সালে কন্নড় সিনেমা ‘বীরবল’ দিয়ে রুক্মিণীর চলচ্চিত্রে অভিষেক। এরপর ‘সপ্ত সাগরদাচে এল্লো’-তে অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ার-কন্নড়ে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন।
আসন্ন দুটি বড় বাজেটের সিনেমা অভিনেত্রীর কাছে ভীষণ স্পেশাল। নিজের শক্তি-দুর্বলতা চিহ্নিত করে অভিনয় দক্ষতা বাড়িয়ে সিনেমা ভুবনে স্থায়ীভাবে আসন গেড়ে নিতে চান রুক্মিণী বসন্ত।