‘ডিউন: পার্ট থ্রি’ মুক্তির আগেই দেখাবে ধামাকা

‘ডিউন: পার্ট থ্রি’ মুক্তির আগেই দেখাবে ধামাকা
আগামী ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ডিউন: পার্ট থ্রি’। ছবি: সংগৃহীত

বিজ্ঞান কল্পকাহিনি নিয়ে নির্মিত ‘ডিউন’ ২০২১ সালে মুক্তির পরপরই আলোড়ন তোলে। বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় বয়ে যায়। এরপর ২০২৪ সালে আসে এর দ্বিতীয় অংশ। এরপরই ভক্তরা অধীর হয়ে আছে, কখন আসবে এর তৃতীয় পর্ব। অবশেষে ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ডিসেম্বরে পর্দায় আসছে ‘ডিউন: পার্ট থ্রি’।

Advertisement

ডিসেম্বরে প্রেক্ষাগৃহে ঝড় তোলার আগেই সিনেমাটি নিয়ে এক বৈশ্বিক আইম্যাক্স ইভেন্টের ঘোষণা দিয়েছেন নির্মাতারা। যেখানে দেখানো হবে একদম নতুন ট্রেলার, এক্সক্লুসিভ কিছু ফুটেজ এবং সেইসঙ্গে থাকবে পরিচালক ডেনিস ভিলনেভের সঙ্গে সরাসরি আড্ডার সুযোগ।

সিনেমার প্রচারে নতুনত্ব ও এর আলোচনা তুঙ্গে নিয়ে যেতে নিউইয়র্কে একটি বিশেষ আইম্যাক্স গ্লোবাল ট্রেলার ইভেন্টের আয়োজন করেছে ওয়ার্নার ব্রাদার্স। এএমসি লিঙ্কন স্কোয়ারের সেই আয়োজনে থাকছে আকর্ষণীয় উপহার ও সারপ্রাইজ।

‘ডিউন: থ্রি’ মূলত ভিলনেভের ট্রিলজিকে সমাপ্তির দিকে নিয়ে যাবে। ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় পর্বের ১৭ বছর পরের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘ডিউন মেসায়া’। এবারও পলের চরিত্রে তিমোথি শ্যালামে এবং চানি চরিত্রে জেনডায়া ফিরছেন। এ ছাড়াও থাকছেন জেসন মোমোয়া, ফ্লোরেন্স পিউ, আনিয়া টেইলর-জয়, হাভিয়ের বারদেমের মতো তারকারা। নতুনভাবে যুক্ত হয়েছেন রবার্ট প্যাটিনসন, যিনি পলের প্রধান প্রতিদ্বন্দ্বী 'সাইটেল' চরিত্রে অভিনয় করবেন।

আসন্ন সিনেমাটির প্রকাশিত শেষ টিজারে পল ও চানির সন্তান আগমনের ইঙ্গিত মিলেছিল। তবে দ্বিতীয় পর্ব যেখানে শেষ হয়েছিল, এবার সেখান থেকেই শুরু হবে। আগামী ১৮ ডিসেম্বর পর্দায় আসবে সিনেমাটি। কাকতালীয়ভাবে একই দিন মুক্তি পাবে মার্ভেলের বড় বাজেটের সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমস ডে’। দুটি হাই-ভোল্টেজ সিনেমার একই দিনে মুক্তি নিয়ে চলছে উন্মাদনা।

তবে আইম্যাক্সের এক্সক্লুসিভিটি এবং ভিলনেভের সুনামের কারণে ওয়ার্নার ব্রাদার্স তাদের প্রজেক্টকে বছরের সেরা সায়েন্স ফিকশন সিনেমা হিসেবে প্রতিষ্ঠা করতে মরিয়া।