logo

অ্যাকশন কিংবদন্তি চাক নরিসের চিরবিদায়

অ্যাকশন কিংবদন্তি চাক নরিসের চিরবিদায়

ভক্তদের হৃদয় ভেঙে পরপারে পাড়ি দিলেন হলিউডের কিংবদন্তি অ্যাকশন তারকা চাক নরিস। শুক্রবার (২০ মার্চ) ৮৬ বছর বয়সে তিনি মারা গেছেন বলে তার পরিবার জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য প্রকাশ করেছে।

মার্কিন মার্শাল আর্টিস্ট ও অভিনয়শিল্পী চাক নরিসকে হলিউডে দেখা হতো ‘অনলাইন কাল্ট হিরো’ হিসেবে। তিনি গড়ে তুলেছেন চান কাক দো নামের একটি ভিন্ন মাত্রার মার্শাল আর্ট। সেটি পরবর্তী সময়ে ব্যাপক জনপ্রিয়তা পায়।

নরিসের পরিবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর খবর নিশ্চিত করে লিখেছে, ‘চাক নরিস ছিলেন একজন নিবেদিত স্বামী, স্নেহশীল বাবা ও দাদা, অসাধারণ ভাই এবং পরিবারের প্রাণ ভক্তদের ভালোবাসা। ভক্তদের তিনি সব সময় বন্ধু মনে করতেন।’

১৯৪০ সালের ১০ মার্চ যুক্তরাষ্ট্রের ওকলাহোমা-এ জন্মগ্রহণ করেন চাক নরিস। অভিনয়, মার্শাল আর্ট দক্ষতার পাশাপাশি দৃঢ় ব্যক্তিত্বের জন্য তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। টিভি সিরিজ ‘ওয়াকার’ ও ‘টেক্সাস রেঞ্জার’ তাকে বিশ্বব্যাপী জনপ্রিয়তার শীর্ষে নিয়ে আসে।

‘টেক্সাস রেঞ্জার্স’ দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পান চাক নরিস

আশির দশকে ‘মিসিং ইন অ্যাকশন’সহ বেশ কয়েকটি অ্যাকশন সিনেমায় অভিনয় করেন। অভিনয়ের আগে মার্শাল আর্টে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবেও পরিচিত ছিলেন। চাক নরিস শুধু সিনেমা নয়, ইন্টারনেট সংস্কৃতিতেও ছিলেন জনপ্রিয়। তার নামকে ঘিরে তৈরি হওয়া ‘চাক নরিস ফ্যাক্টস’ মিম তাঁকে নতুন প্রজন্মের কাছেও বিশেষভাবে পরিচিত করে তোলে, যেখানে তাকে প্রায় ‘অপরাজেয়’ চরিত্র হিসেবে উপস্থাপন করা হতো।

মারা যাওয়ার সপ্তাহখানেক আগে ৮৬তম জন্মদিনে নরিস ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে লেখেন—‘আমি বুড়ো হচ্ছি না, আমি আরও শক্তিশালী হচ্ছি।’

এই হলিউড অ্যাকশন কিংবদন্তির মৃত্যুতে বিশ্বজুড়ে ভক্ত ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।