logo

চার দিনে ৫০০ কোটির ঘরে ‘রামায়ণ’, পঞ্চম দিনে টিকিট বিক্রিতে নতুন রেকর্ড

চার দিনে ৫০০ কোটির ঘরে ‘রামায়ণ’, পঞ্চম দিনে টিকিট বিক্রিতে নতুন রেকর্ড
‘রামায়ণ’ এর পোস্টার। ছবি: ইজি ওয়াল্ড

মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। বিশাল বাজেট, তারকাবহুল অভিনয়শিল্পী এবং মহাকাব্যনির্ভর গল্প- সব মিলিয়ে ভারতীয় সিনেমার অন্যতম আলোচিত আয়োজন হয়ে উঠেছিল এটি। ৫ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তির পর এবার বক্স অফিসেও আলোচনার জন্ম দিচ্ছে ছবিটি। মাত্র চার দিনেই বিশ্বব্যাপী প্রায় ৫০০ কোটি রুপির ব্যবসা করেছে সিনেমাটি। আর পঞ্চম দিনে অগ্রিম টিকিট বিক্রিতে তৈরি করেছে নতুন রেকর্ড।

ভারতীয় বক্স অফিসের হিসাব অনুযায়ী, মুক্তির প্রথম চার দিনে ভারতে ছবিটির নিট আয় দাঁড়িয়েছে ২৩৮ কোটি ৮৫ লাখ রুপি। দেশটির বাজারে মোট আয় (গ্রস) ২৮৫ কোটি ২০ লাখ রুপি। অন্যদিকে, আন্তর্জাতিক বাজার থেকে এসেছে প্রায় ২১৪ থেকে ২২২ কোটি রুপি। ফলে চার দিনে বিশ্বব্যাপী ছবিটির মোট আয় ৪৯৯ কোটি ২০ লাখ থেকে ৫০৭ কোটি ২০ লাখ রুপির মধ্যে বলে জানিয়েছে বিভিন্ন বক্স অফিস পর্যবেক্ষক। হিসাবের এই পার্থক্য মূলত আন্তর্জাতিক বাজারের আয়ের পরিমাণ নিয়ে।

শুরুর দিকে আয় ওঠানামা করলেও সপ্তাহান্তে দর্শকের আগ্রহ বেড়েছে ‘রামায়ণ’ ঘিরে। বিশেষ করে পঞ্চম দিনে অগ্রিম টিকিট বিক্রির পরিসংখ্যান নতুন করে আলোচনায় এনেছে সিনেমাটিকে। ভারতীয় টিকিট বুকিং প্ল্যাটফর্ম বুক মাই শোতে এক ঘণ্টায় ১ লাখ ১১ হাজার ৮৩০টি টিকিট বিক্রির রেকর্ড করেছে ছবিটি। পরবর্তী সময়ে দুপুরের দিকে এই বিক্রির গতি ঘণ্টায় ১ লাখ ৩৭ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

আগ্রহের এই মাত্রা ছাড়িয়ে গেছে ‘ধুরন্ধর ২’ ও ‘পুষ্পা ২’-এর একই প্ল্যাটফর্মে ঘণ্টাপ্রতি টিকিট বিক্রির আগের রেকর্ডকেও। তবে এটি মোট টিকিট বিক্রির রেকর্ড নয়; বরং নির্দিষ্ট এক ঘণ্টায় টিকিট বিক্রির গতির হিসাব। ফলে বক্স অফিসে ছবিটির পরবর্তী সাফল্য নিয়ে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে।

মুক্তির প্রথম দিন ভারতে ৬৪ কোটি ৮৫ লাখ রুপি নিট আয় করে ‘রামায়ণ’। দ্বিতীয় দিনে আয় কমে দাঁড়ায় ৪৮ কোটি ৫ লাখ রুপিতে। তবে তৃতীয় দিনে আবার ঘুরে দাঁড়িয়ে আয় করে ৬৯ কোটি ৮০ লাখ রুপি। চতুর্থ দিন, অর্থাৎ রোববার দীপাবলির ছুটিতে ছবিটির আয় ছিল ৫৬ কোটি ১৫ লাখ রুপি। সব মিলিয়ে প্রথম চার দিনের দেশীয় আয় ২৩৮ কোটি ৮৫ লাখ রুপি।

প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে ‘রামায়ণ’। এটি দুই পর্বের সিনেমা সিরিজের প্রথম কিস্তি। ছবিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, রাবণের ভূমিকায় রয়েছেন যশ এবং সীতার চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী। এ ছাড়া লক্ষ্মণ চরিত্রে রবি দুবে, হনুমানের ভূমিকায় সানি দেওল, কৈকেয়ী চরিত্রে লারা দত্ত, মন্দোদরী চরিত্রে কাজল আগরওয়াল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিবেক ওবেরয়, রাকুল প্রীত সিংসহ আরও অনেকে।

মুক্তির প্রথম কয়েক দিনের আয় প্রত্যাশার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে বক্স অফিস বিশ্লেষকদের মধ্যে ভিন্নমত রয়েছে। তবে পঞ্চম দিনে টিকিট বিক্রির গতি ছবিটির ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। শেষ পর্যন্ত ‘রামায়ণ’ কত দূর যেতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।

সূত্র: ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস, এনডিটিভি ও স্যাকনিল্ক।