logo

মহাকাব্যিক লড়াই হচ্ছে না রণবীর ও যশের

মহাকাব্যিক লড়াই হচ্ছে না রণবীর ও যশের

ভারতীয় সিনেমার দুই অঙ্গনের দুই প্রভাবশালী অভিনেতা এক পর্দায় আসতে যাচ্ছেন ‘রামায়ণ’-এ। বলিউডের সুপারস্টার রণবীর কাপুর এবং দক্ষিণী মহাতারকা যশকে দেখা যাবে মহাকাব্যিক এই সিনেমায়। এতে রামের ভূমিকায় থাকবেন ‘অ্যানিমেল’ তারকা রণবীর। আর রাবণের ভয়ংকর চরিত্রে অভিনয় করবেন দক্ষিণী রকিংস্টার যশ। ‘রামায়ণ’-এর প্রথম পর্বে রণবীর ও যশের মহাকাব্যিক লড়াই দেখতে না পারার ঘোষণায় হতাশায় ভক্তরা।

নীতিশ তিওয়ারি পরিচালিত চার হাজার কোটি রুপি বাজেটের এই মহাকাব্যে রাম ও রাবণকে একসঙ্গে দেখার অপেক্ষায় ছিলেন সিনেপ্রেমীরা। তবে ভক্তদের সেই উন্মাদনা কিছুটা কমিয়ে দিলেন স্বয়ং ‘রাবণ’ অভিনেতা যশ। কেজিএফের সেই ‘রকি ভাই’ নিশ্চিত করেছেন যে, সিনেমার প্রথম অংশে রণবীর কাপুরের সঙ্গে তার কোনো দৃশ্য নেই।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে যশ জানান, গল্পের চাহিদা মেটাতে সিনেমার প্রথম পর্বে তাদের দুজনের একসঙ্গে কোনো দৃশ্য নেই। সিনেমার গল্প এমনভাবে ভাগ করা হয়েছে, যেখানে চরিত্রগুলোকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এ সময় মজার ছলে যশ বলেন, ‘প্রথম অংশে রাবণ হিসেবে আমার নিজস্ব রাজ্য লঙ্কা রয়েছে, তেমনি অযোধ্যার রাজাধিরাজ হলো রাম।’

প্রথম অংশে একসঙ্গে স্ক্রিনে দেখা না গেলেও রণবীর-যশ শুটিং সেটে কয়েকবার মুখোমুখি হয়েছেন। রণবীরের অভিনয়শৈলীর প্রশংসা করে তার প্রতি মুগ্ধতা লুকাননি কন্নড় সুপারস্টার যশ।

দুই পর্বের এই মহাযজ্ঞ শুধু একটি সিনেমাই নয়, ভারতীয় পুরাণকে গ্লোবাল স্কেলে ফের একবার তৈরির সাহসী চেষ্টা। একই সঙ্গে সম্প্রতি প্রকাশিত সিনেমার টিজারে স্পষ্ট করে দিল, ‘রামায়ণ’ শুধু ভারতীয় দর্শকের জন্য নয়, এটা আন্তর্জাতিক দর্শকদেরও লক্ষ্য করে নির্মিত হচ্ছে। যারা ছোটবেলা থেকে রাম-কথা শুনে বড় হয়েছেন, তাদের কাছে এটি নস্টালজিয়ার নতুন ভাষা।