logo

অস্বস্তি দেওয়া গল্পেই আকৃষ্ট হন ফাতিমা সানা শেখ

অস্বস্তি দেওয়া গল্পেই আকৃষ্ট হন ফাতিমা সানা শেখ

ভারতীয় সিনেমার সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ‘দঙ্গল’-এ আমির খানের মেয়ে কুস্তিগির গীতা ফোগাটের চরিত্রে অভিনয় করে দর্শকহৃদয়ে ঝড় তোলেন ফাতিমা সানা শেখ। ‘দঙ্গল’-এর পর বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও সেভাবে সাড়া জাগাতে ব্যর্থ হন। দর্শকরা এখনো তাকে সেই বিখ্যাত কুস্তিগির হিসেবেই কল্পনা করতে থাকে। এবার সেই বৃত্ত থেকে বেরিয়ে জীবনকে অন্যভাবে সাজাতে চান ফাতিমা সানা শেখ।

‘চাচি ৪২০’-এ শিশুশিল্পী হিসেবে শুরু করলেও বর্তমানে বলিউডের লিস্টার অভিনেত্রী ফাতিমা সানা শেখ। অভিনয় জীবনের পথচলায় প্রতিটি ধাপে যেন তিনি নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার গল্প বলে গেছেন। ‘দঙ্গল’-এ গীতা চরিত্র তাকে এনে দেয় বড় পরিচিতি। পরে একের পর এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে তিনি নিজেকে ভেঙেছেন আবার গড়েছেন। প্রমাণ করে চলেছেন প্রতিনিয়ত। 

সম্প্রতি নিজের অভিনয় জীবন, চরিত্র নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা কথা বললেন ফাতিমা। অভিনেত্রী জানান, যেসব গল্প মানসিকভাবে তাকে অস্বস্তি দেয় তিনি সেসব গল্পের প্রতিই আকৃষ্ট হন। সে অস্বস্তি তাকে নতুন ভাবে ভাবতে শেখায়। গতানুগতিকতার বাইরে গিয়ে সেসব গল্প নিয়ে কাজ করতেই তার স্বাচ্ছন্দ্য বেশি।

গ্ল্যামারের রঙিন ভুবনের মানুষ হলেও নিজেকে মাটির কাছাকাছি রাখার বিষয়কে খুব গুরুত্ব দেন ফাতিমা। অভিনেত্রী জানান, অভিনয়ের বাইরেও তার নিজস্ব জীবন রয়েছে, নিজের পছন্দ-অপছন্দ আছে।

ফাতিমা সানা শেখ অভিনেত্রীর পরিচয়ের বাইরে গিয়ে মানুষ হিসেবেও নিজেকে নতুনভাবে তৈরি করছেন। তার মতে, নিজের পরিচয় শুধু অভিনেত্রী হিসেবেই সীমাবদ্ধ রাখা উচিত নয়। নিজের ভেতরের মানুষটাকে চিনে নেওয়াই এজন মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এ ভাবনাই অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে ৩৪ বছর বয়সী হায়দরাবাদের এই সুন্দরীকে।