logo

সঞ্জয়ের সিনেমায় আবারও সেন্সরের কোপ

সঞ্জয়ের সিনেমায় আবারও সেন্সরের কোপ

খুব বেশি দিন হয়নি—কন্নড় সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’-এর হিন্দি ভার্সনে নোরা ফাতেহির সঙ্গে গান নিয়ে বিতর্কের মুখে পড়েন সঞ্জয় দত্ত। ওই ঘটনায় অশ্লীলতার অভিযোগে মহিলা কমিশনের চিঠিও পেয়েছিলেন সঞ্জুবাবা। আবারও বিতর্কের মুখে পড়লেন তিনি। এবার সমস্যার বেড়াজালে সঞ্জয়ের আসন্ন সিনেমা ‘আখেরি সাওয়াল’।

আগামী সপ্তাহে (৮ মে) মুক্তি পাওয়ার কথা ছিল ড্রামা থ্রিলার ‘আখেরি সাওয়াল’। তবে সেন্সরের ফাঁদে পড়ে শঙ্কা দেখা দিয়েছে শিডিউল তারিখে মুক্তির। আজ (৩০ এপ্রিল) বহুল প্রতীক্ষিত সিনেমাটির ট্রেলার মুক্তির আগেই আটকে গেল সেন্সরের গ্যাঁড়াকলে। টিজারে রাজনৈতিক উস্কানির কারণেই ট্রেলার পুনর্নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় পুরস্কারজয়ী অভিজিৎ মোহন ওয়ারাং পরিচালিত সিনেমায় সঞ্জয়ের ভূমিকা দেখে বিস্মিত নেটপাড়া ৷ ধুরন্ধরের ভয়ংকর এসপি থেকে একজন আইনজীবী ৷ অ্যাকশন সিনেমার ছায়া থেকে বেরিয়ে এবার নতুন ভূমিকায় ‘খলনায়ক’ খ্যাত অভিনেতা। চরিত্রের এই ভাঙা-গড়ায় প্রশংসায় ভাসছেন সঞ্জুবাবা। তবে হতাশাও কাজ করছে সেন্সর জটিলতার কারণে। ইতিহাসের কিছু সংগৃহীত বাস্তব তথ্য এবং বেশ কিছু বিতর্কিত বিষয়ের ওপর আলোকপাত করে নির্মাণ করা হয়েছে ‘আখেরি সাওয়াল’।

মহাত্মা গান্ধী হত্যাকাণ্ডের পর জারি করা নিষেধাজ্ঞা এবং বাবরি মসজিদ গুঁড়িয়ে দেওয়ার মতো অত্যন্ত সংবেদনশীল বিষয়গুলো দেখানো হয়েছিল সিনেমার টিজারে। সেই ঘটনাগুলো নিয়েই সমস্যা। গণমাধ্যমের খবর অনুযায়ী, সিবিএফসির অনুমোদন না মেলায় ট্রেলারটি মুক্তি সম্ভব নয়। এর বেশ কিছু পরিবর্তনের নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। পরিবর্তিত কনটেন্ট দেখে ট্রেলার মুক্তির ছাড়পত্র দেবে বলে জানায় সিবিএফসি।

সঞ্জয় দত্তের সঙ্গে এতে অভিনয় করেছেন নামাশি চক্রবর্তী, নীতু চন্দ্র, ত্রিধা চৌধুরী, মৃণাল কুলকার্নি, সামিরা রেড্ডিসহ অনেকে। প্রচলিত ইতিহাসের বাইরে গিয়ে নিঃস্বার্থ সেবার আদর্শ এবং ভারতের সমাজ-রাজনৈতিক যাত্রার অজানা দিকগুলো তুলে ধরার চেষ্টায় নির্মিত হয়েছে সিনেমাটি।