নিজেকে সামলে নিচ্ছেন সেলিনা জেটলি

কঠিন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন অকালে হারিয়ে যাওয়া বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। স্বামীর পিটার হাগের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে চলছে বিচ্ছেদ মামলা। চলছে সন্তানের অভিভাকত্ব নিয়ে লড়াই। এদিকে ভাই মধ্যপ্রাচ্যের একটি দেশে কারাবাসে। সব দিক দিয়েই মানসিকভাবে বিধ্বস্ত সাবেক ফেমিনা মিস ইউনিভার্স।
সম্প্রতি স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছেন অভিনেত্রী। এমন টালমাটাল পরিস্থিতিতে অভিনেত্রীর মানসিক স্বাস্থ্যের অবস্থা খারাপ হলেও তিনি সেগুলো থেকে কিছুটা সেরে উঠছেন বলে জানান। নিজের সামাজিকমাধ্যমে একাধিক ঝলমলে ছবি দিয়ে জানান দিলেন তার উপস্থিতি। এক যুগের বেশি সময় ধরে বড় পর্দায় আর দেখা যাচ্ছে না সেলিনাকে।
সেলিনা জেটলি কঠিন পরিস্থিতিকে সামলে কীভাবে ঝলমলে থাকছেন—এ নিয়ে রহস্য। তবে অভিনেত্রী জানান, এমনও দিন কেটেছে, তিনি একা একা কেঁদেছেন। কখনও বুকের ভেতরটা হু হু করেছে, পালিয়ে যেতে মন চেয়েছে। এসবের মধ্যে বরং নিজের সঙ্গে একাত্ম হতে পেরেছেন তিনি। শান্তি খুঁজে পেয়েছেন। প্রতিনিয়ত শক্তিশালী হয়েছেন, আত্মবিশ্বাসী হয়েছেন।
সামাজিকমাধ্যমে অভিনেত্রী লেখেন, ‘আমাকে আমার মতো থাকতে দেবেন। যে রাতগুলো আমি একা কেঁদেছি, তখন আপনারা ছিলেন না। যখন নিজেকে পুরোপুরি শূন্য মনে হয়েছে, তখনও আপনারা ছিলেন না। আমি একাই টিকে থাকতে শিখেছি। তাই এখন আমাকে হাসতে দেখলে বুঝবেন, এই পথটা সহজ ছিল না।’
সেলিনা জেটলিকে ‘থ্যাঙ্ক ইউ’ সিনেমার পর আর বড় পর্দায় দেখা যায়নি। গত ১৪ বছর ধরে রুপালি পর্দা থেকে দূরে আছেন ‘নো এন্ট্রি’ তারকা।